নড়াইলে নাশকতাসহ একাধিক মামলার আসামি তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার তুলারামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিপু সুলতানের (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এদিকে জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চালানো হামলায় ৬০টির বেশি ঘরবাড়ি ও ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় অনেক পরিবার রাতে নিজেদের বাড়িতে থাকছে না। এলাকায় পুলিশের টহল ও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে।
রোববার দুপুরে সরেজমিনে গ্রামের বিভিন্ন বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা যায়। কোনো কোনো বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েকটি পরিবার শুধু লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ কেউ পোড়া ঘর থেকে অবশিষ্ট জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন, আবার কেউ ঘরবাড়ি পরিষ্কার করছিলেন।
গ্রামের বাসিন্দা আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম জানান, তাঁদের একতলা বাড়ির ছয়টি কক্ষ, রান্নাঘর, গোয়ালঘর ও খড়ের পালা পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের মালামালও লুট করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে রাতে পাশের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে তাঁদের। গত রাতেও বাড়ির গ্রিল ভাঙার শব্দ শুনে আলো জ্বালাতেই হামলাকারীরা চলে যায়।
আরেক বাসিন্দা পিকলু বিশ্বাসের স্ত্রী জানান, তাঁদের বাড়ি থেকে মালামাল ও টাকাপয়সাসহ সবকিছু লুট করা হয়েছে। পুলিশ আসার পর ভয় কিছুটা কমলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। পারভিন বেগম বলেন, নারীরা কেউ বাড়িতে নিরাপদ বোধ করছেন না। রাতে বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবারের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দায়ী। তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, গত বুধবার বেন্দারচরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুই নেতা নিহত হওয়ার ঘটনায় তাঁরা শোকাহত। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
গত ১৮ নভেম্বরের ওই হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এ ঘটনার পর শুক্রবার বেন্দারচরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বেন্দারচরে বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এসআরবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
তিনি বলেন, বিএনপির দুই নেতা নিহত হওয়া এবং পরবর্তী হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সাবেক সংসদ সদস্যের আত্মীয়স্বজনদের পাঁচ থেকে ছয়টি পরিবারের ১৫ থেকে ১৬টি বাড়িঘরে হামলার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে।
এদিকে বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তা নাকচ করেছেন। সরেজমিনে জানা গেছে, বেন্দা ও বেন্দারচর পাশাপাশি অবস্থিত দুটি পৃথক গ্রাম। বেন্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতি থাকলেও বেন্দারচরে তাঁদের বসতি নেই। বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ।
তবে শুক্রবার রাতে বড় কালিয়া এলাকার ঘোষপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই এলাকায় তাঁর বাড়ি ছাড়া আশপাশের অন্য কোনো বাড়িঘরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সানা/আপ্র/২২/১১/২০২৬