একসময় বিশ্বজুড়ে ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন গভীর অর্থনৈতিক সংকটের মুখে। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ব্যাপক ব্যাংক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছেছে। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশে। একই সঙ্গে কমেছে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। বেড়েছে দারিদ্র্য। রাজনৈতিক অস্থিরতা, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও অর্থনীতির সংকটকে আরো গভীর করছে।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতের বিপর্যয় এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের দীর্ঘদিনের উন্নয়ন সাফল্যকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। নতুন সরকারের জন্য এই সংকট মোকাবিলা এখন অন্যতম কঠিন চ্যালেঞ্জ।
ব্যাংক থেকে নিজের জমানো টাকাও তুলতে পারছেন না আমানতকারীরা
প্রতিবেদনে ঢাকার একটি ক্যাফের মালিক একান্তের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না। একান্ত বলেন, ‘যতবারই অফিসে গিয়েছি, কোনো সদুত্তর পাইনি।’ তাঁকে শুধু জানানো হয়েছে, ব্যাংকে তারল্য সংকট চলছে।
এ ধরনের ভোগান্তিতে একান্ত একা নন। অন্তত ছয়টি ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার দাফন-কাফনের মতো জরুরি প্রয়োজনেও তাঁরা বছরের পর বছর ধরে জমানো অর্থ তুলতে পারছেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। এর অন্যতম কারণ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত ব্যাপক লুটপাট। দুর্নীতি ও অনিয়মের কারণে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণের বোঝায় জর্জরিত। এসব ঋণের বড় অংশ আর কখনো ফেরত আসার সম্ভাবনা নেই।
ব্যাংকের মালিকানা ও পরিচালনায় প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী গোষ্ঠী নিজেরাই বিপুল অঙ্কের ঋণ নিয়েছে। তাদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে। ফলে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। প্রতিবেশী ভারতে এ হার মাত্র ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ।
শুধু খেলাপি ঋণই নয়, ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে। অর্থাৎ প্রয়োজনীয় মূলধন সংরক্ষণের পরিবর্তে ব্যাংকগুলো সম্মিলিতভাবে ঘাটতির মধ্যে রয়েছে। সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থা এখন দেউলিয়াত্বের মুখোমুখি।
‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের বিস্ময়
বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অভিহিত করেছিলেন। তখন বাংলাদেশ ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্ববাজারে রপ্তানি করার মতো উল্লেখযোগ্য পণ্যও ছিল না।
কিন্তু সময়ের সঙ্গে বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়কর দৃষ্টান্ত হয়ে ওঠে। দুর্বল শাসনব্যবস্থা, ভঙ্গুর প্রতিষ্ঠান, ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং সামরিক অভ্যুত্থানের মধ্যেও দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। দারিদ্র্য কমানোর পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়।
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, অর্থনৈতিক সাফল্যের এই ধারাবাহিকতা এখন বড় ধরনের সংকটে পড়েছে। ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে স্থবিরতা বাংলাদেশের উন্নয়নযাত্রাকে পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
নতুন সরকারের সামনে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার এখনো রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয় আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। সরকার গঠনের পরপরই ব্যাংক খাতের সংকট, তৈরি পোশাকশিল্পে শ্রমিক ধর্মঘট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপে পড়েছে দলটি।
এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ঘোষণার পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারের দাবি, এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত।
প্রতিবেদনে বলা হয়েছে, রক্তক্ষয়ী দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ অবস্থায় দেশে ফেরার ঘোষণা সম্ভবত তাঁর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। তবে তিনি সত্যিই দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের ব্যাংক খাতের সংকটকে অতীতের লুটপাটের উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির সঙ্গে যুক্ত এই অর্থনীতিবিদ বলেন, ‘বিগত আমলে ব্যাংক লুটপাটের যে ভয়াবহ উত্তরাধিকার আমরা পেয়েছি, এখন সেটিই আমাদের সামাল দিতে হচ্ছে।’
ইসলামী ও সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়
প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে দুই ধরনের ব্যাংকে। একটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং অন্যটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের শীর্ষ পদে বসানো হয়েছিল। তবে সাধারণ বেসরকারি ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।
দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, একসময় ব্যাংকটির সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা ছিল। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছিল ব্যাংকটি।
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এর মোট ঋণের প্রায় অর্ধেকই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আসছেন না।
জামায়াতে ইসলামীর দাবি, আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যক্তিদের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দিতেই সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তোলা হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ তাঁর বিরুদ্ধে ওঠা যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পেয়েছে নতুন নিয়মে
প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ এত বেড়ে যাওয়ার পেছনে হিসাবের স্বচ্ছতা বৃদ্ধিরও ভূমিকা রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এমন একটি নিয়ম করেছিল, যাতে ঋণখেলাপিরা বকেয়া ঋণের মাত্র ২ শতাংশ জমা দিয়ে এক বছরের বিরতি এবং বাকি অর্থ পরিশোধে ১০ বছর সময় পেতেন। ওই ২ শতাংশ জমা দেওয়ার পর ঋণটি আর খেলাপি হিসেবে গণ্য হতো না।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছিল, সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ১০ শতাংশ দেখানো হলেও প্রকৃত হার এর দ্বিগুণ হতে পারে।
পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মান অনুসরণ করে ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ ৯০ দিন অতিক্রম করলেই তা খেলাপি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয়। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রকৃত খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
ঋণপ্রবাহ ও প্রবৃদ্ধিতে বড় ধস
ব্যাংক খাতের সংকট দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যেখানে প্রায় ১০ শতাংশ ছিল, চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। গত ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।
চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৬ দশমিক ৫ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকারের দাবি ছিল, আগের সময়ে প্রবৃদ্ধির হিসাব বাড়িয়ে দেখানো হতো।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির এই ধীরগতির জন্য শুধু ব্যাংক খাত দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে তীব্র জ্বালানি সংকটে দেশের অনেক কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিক ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়বে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে অর্জিত অগ্রগতি আবারো পিছিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ব্যাংক বাঁচাতে ৬২০ কোটি ডলারের জরুরি সহায়তা
ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জরুরি সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার দিয়েছে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ১ দশমিক ২ শতাংশ। তবে এই সহায়তা ব্যাংক খাতের সংকট কাটাতে যথেষ্ট নয়।
আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডিসের হিসাব অনুযায়ী, আগামী কয়েক বছরে দেশের ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।
সংস্কারের বদলে সংকট সামাল দেওয়ার চেষ্টা
নতুন সরকার ব্যাংক খাতের মৌলিক সংস্কারের পরিবর্তে সংকট সামাল দেওয়ার নীতি অনুসরণ করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গত জুনে সরকার আর্থিক সংকটে থাকা কিছু ঋণগ্রহীতাকে সুদ পরিশোধে সময় বাড়ানোর সুযোগ দেয়। পাশাপাশি নতুন নিয়মে ব্যাংকগুলো ঋণের বিপরীতে সর্বোচ্চ কত সুদ নিতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে ঋণগ্রহীতার ঝুঁকি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোর সুদের হার নির্ধারণের সুযোগ সীমিত হচ্ছে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অবশ্য সরকারের পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সমস্যাগুলোকে ভবিষ্যতের জন্য ঠেলে দিচ্ছি না। আমরা ব্যালান্স শিট পরিষ্কার করার চেষ্টা করছি। আর যদি এমন কোনো ভালো প্রতিষ্ঠান থাকে, যাদের সহায়তা প্রয়োজন, তবে তাদের কিছুটা সময় দিয়ে ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হবে।’
তবে বিদেশি বড় ধরনের আর্থিক সহায়তা না থাকায় সংকটে পড়া ব্যাংকগুলোকে নতুন মূলধন জোগান দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ সরকারের হাতে নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আদায়ও অত্যন্ত কম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মোট দেশজ উৎপাদনের মাত্র ৭ শতাংশ রাজস্ব হিসেবে সংগ্রহ করতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার খুবই কম। পাকিস্তানও একই সময়ে তাদের মোট দেশজ উৎপাদনের প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে।
এর পাশাপাশি খাদ্য ও জ্বালানি ভর্তুকির ব্যয় মেটাতে গিয়ে সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৩ শতাংশে। ফলে সরকারি ব্যয় নির্বাহে সরকারকে মূলত ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।
সরকারি ঋণ গ্রহণ এবং কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তার কারণে বাজারে অর্থের সরবরাহ বাড়ছে। এতে মূল্যস্ফীতির চাপ আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজনীতির প্রভাব থেকে মুক্ত নয় অর্থনীতি
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, বাংলাদেশের স্থবির অর্থনীতি এখন আর রাজনৈতিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্নভাবে চলতে পারছে না। ব্যাংক খাতের সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের উদ্যোগও রাজনৈতিক স্বার্থের প্রভাবমুক্ত থাকার নিশ্চয়তা নেই।
একজন অর্থনীতিবিদ ইঙ্গিত দিয়েছেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী গত ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে ব্যাংক ও ব্যবসায়িক খাতে প্রভাব বিস্তারের সুযোগের অপেক্ষায় রয়েছে। তাদের দীর্ঘদিন ক্ষমতার বাইরে রাখা কঠিন হতে পারে। ফলে পুরোনো অনিয়ম দূর করে ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নতুন করে নিজেদের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির এই বাস্তবতা তুলে ধরে প্রতিবেদনে একজন সাবেক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে আসলে ভেতর থেকে কোনো কিছুই বদলায়নি।’
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে সামগ্রিকভাবে উঠে এসেছে, ব্যাংক খাতের বিপুল অনিয়ম, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, বিনিয়োগে স্থবিরতা ও রাজস্বসংকট বাংলাদেশের উন্নয়নের দীর্ঘদিনের অর্জনকে হুমকির মুখে ফেলেছে। এসব সংকটের কার্যকর সমাধান এবং ব্যাংক খাতে প্রকৃত সংস্কার ছাড়া অর্থনীতিকে আগের গতিতে ফিরিয়ে নেওয়া কঠিন হবে। সূত্র: দ্য ইকোনমিস্ট
সানা/আপ্র/১৮/১১/২০২৬