রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর)সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরো ইউনিট পাঠানো হয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন লেগে যেতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
মাহমুদুল হাসান বলেন, সাততলা বস্তিতে মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। আগুনে তাঁদের টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত।
হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর ফায়ার সার্ভিসের কাছে আসেনি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। এরপরই হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ ও ২০২৫ সালেও সেখানে আগুন লেগে বহু ঘরবাড়ি পুড়ে যায়। অধিকাংশ ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বস্তির ঘরগুলোতে অবৈধভাবে টানা দুর্বল ও নিম্নমানের বৈদ্যুতিক তার থেকে প্রায়ই শর্টসার্কিটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
বস্তির ঘরবাড়ি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য উপকরণে তৈরি এসব ঘরে সামান্য আগুন লাগলেও দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। রান্নার কাজে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং অবৈধ গ্যাস লাইনের ছিদ্র থেকেও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।
এ ছাড়া বস্তির ভেতরের সরু রাস্তা এবং আশপাশের সড়কের যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো ও পানি ছিটানোর কাজে বাধার মুখে পড়ে। বিভিন্ন সময়ে জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন বস্তিবাসী ও স্থানীয়দের একাংশ। তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সানা/আপ্র/১৮/১১/২০২৬