কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বাহারের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে একদল যুবক সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মুন্সেফবাড়ির বাসভবনের সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলায় অবস্থিত বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনে রাখা কাগজ ও কাঠেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা।
রামঘাটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকে কয়েকজন উত্তেজিত কর্মী টায়ার ও কাগজে আগুন জ্বালিয়েছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে তাদের বিশ্বাসের কথা জানান।
ঘটনা সম্পর্কে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে থাকতেন না।
এর কয়েক মাস পর, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতেও বাহারের বাড়িতে হামলা চালানো হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুরের পাশাপাশি কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে রামঘাট এলাকায় আওয়ামী লীগের মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়েও হামলার চেষ্টা চালানো হয়। এ সময় দক্ষিণ জেলা কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনা এবং পরিবারের অন্য সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
সানা/আপ্র/১৮/১১/২০২৬