গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৫ এএম ২০২৬
আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি এখন টুঙ্গিপাড়ায় গিয়ে শুধু থানায় হামলা করতে পারে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অডিও-ভিডিও এবং ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে সাধারণ মানুষ যাতে হতাহত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছেন।

এর আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চান। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথাও বলেন তিনি।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করা হবে। তাদের প্রত্যেককে আইনের আওতায় নেওয়া হবে।

টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০ সদস্য রয়েছেন। সেখানে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন পুলিশ সুপার ও একজন ওসি দায়িত্ব পালন করছেন। বাহিনীর আরো সদস্য চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষার প্রয়োজনে আইনানুগ ও প্রয়োজনীয় বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। তিনি বলেন, সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে মানুষ হতাহত করতে চায় না। ১০ জন অপরাধীর ক্ষেত্রে কিছুদিন ধৈর্য ধরলেও একজন নিরীহ মানুষ যেন গুলিতে প্রাণ না হারান, সেটিই সরকারের লক্ষ্য।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, এসব ঘটনার অডিও-ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের নির্দেশনা ও উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ যেন উসকানিতে পা না দেন এবং গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন।

শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগ
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার শতভাগ একমত। তবে একটি পক্ষ মজুরি বোর্ড গঠনের বিষয়টিকে সামনে রেখে শ্রমিকদের অসন্তোষ উসকে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগে পাঁচ বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও এখন তিন বছর পরপর মজুরি নির্ধারণের ব্যবস্থা হয়েছে। আগামী ডিসেম্বরে তিন বছরের মেয়াদ পূর্ণ হবে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে বোর্ড নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবে।

মালিকদের উদ্দেশে তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এমন মজুরি প্রস্তাব করতে হবে, যাতে শ্রমিকদের জীবনযাপনে কষ্ট না হয়। এ ক্ষেত্রে গত পাঁচ বছরে মজুরি বৃদ্ধির হার, তিন বছরের হিসাবে সম্ভাব্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হয়েছে।

শ্রমিকদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার কথাও উল্লেখ করেন। হাসপাতালগুলোর প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরা এলাকায় বিভিন্ন শিল্পকারখানায় হামলার অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, শ্রমিকদের মধ্যে মিশে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অসন্তোষ জিইয়ে রাখার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের রাজনীতির অধিকার নেই 

আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং দলটি আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, গত ১৫-১৬ বছর দলটি অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা করেছে এবং গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্র নেই; তাদের রাজনীতি সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের নেতারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন উল্লেখ করে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।

বিদেশ সফররত বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার চেষ্টার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণের বিষয়েও নিন্দা জানান তিনি।
সানা/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর...

মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ
১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি...

পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা
১৮ নভেম্বর ২০২৬

পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এর মধ্যে পিরোজপুরের ভান্ডার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই