যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে উত্তেজনার মধ্যে তাঁরা পশ্চিমা একক আধিপত্যের পরিবর্তে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শি অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে, পুতিন পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
শেনজেনে ট্রাম্প পৌঁছানোর আগেই তাঁরা সম্মেলনে বক্তব্য দেন। সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
শি তাঁর বক্তব্যে শুল্ক কমানো, বাজার আরো উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ রপ্তানিতে বিধিনিষেধের বিপরীতে চীনকে অবাধ বাণিজ্যের সমর্থক হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর এ অবস্থানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীল অংশীদার হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা দেখা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি ও পুতিনের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে দুই নেতা তাঁদের ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে পশ্চিমা একক আধিপত্যের পরিবর্তে একাধিক শক্তিকেন্দ্রের সমন্বয়ে বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
অন্যদিকে, রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে যুক্ত করা কের্চ সেতু ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বক্তব্য দেন পুতিন। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে অভিহিত করেন। তাঁর দাবি, ইউরোপের পতন ঘটেছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য সফল হয়নি। বরং এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে আরো শক্তিশালী করেছে।
এদিকে, এপেক সম্মেলন ঘিরে ছোট অর্থনীতির দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের নেতাদের আশঙ্কা, বিশ্বের বৃহৎ সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে গিয়ে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে। শেনজেনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গেও তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠক বিশ্বব্যবস্থার নতুন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একই সঙ্গে বড় শক্তিগুলোর সিদ্ধান্ত ছোট দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার প্রতীক হিসেবেও সম্মেলনটি পরিচিত।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এশিয়া সফরে থাকা ট্রাম্প ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, জাপান ও তাইওয়ানের আকাশসীমার কাছে রুশ বিমানের অনুপ্রবেশের ঘটনায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/১৮/১১/২০২৬