গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ
ছবি

গোপালগঞ্জ-পাটগাতী সড়কে গতকাল মঙ্গলবার রাতে বিজিবির গাড়ি পুড়িয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। বুধবার সকাল আটটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী বাসস্ট্যান্ডের পাশ থেকে তোলা ছবিটি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের অন্তত ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন তাঁরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার রাতভর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বুধবার সকালে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা যায়। টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। একই রাতে বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ আশপাশের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগাতী বাজারে গিয়ে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা যায়। অবরোধে অংশ নেওয়া কয়েকজন যুবক নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন জানান, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে তাঁরা মাঠে নেমেছেন।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাটগাতী, গিমাডাঙ্গা ও কুশলী এলাকায় সড়ক অবরোধের একই চিত্র দেখা গেছে। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবং কুশলীর দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। এ তিন এলাকায় অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নেতা-কর্মীরা। গোপালগঞ্জ-পাটগাতী সড়কের খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে। এসব এলাকায় সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও অবরোধের কারণ সম্পর্কে জানতে চাইলে তাঁরা ১৯ নভেম্বরের কর্মসূচির কথা জানান। স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন তরুণকেও আটক করে মোটরসাইকেলে থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ করা হবে না বলে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। আটক ব্যক্তিদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে যান। পরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানা চত্বরে থাকা পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। এ ঘটনায় গুলিতে দুজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এমপির বাড়িসহ অন্তত ২০ বাড়িতে আগুন
থানায় হামলার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে যান। প্রথমে বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। একই রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। সংসদ সদস্যের বাড়িসহ আশপাশের অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে তাঁদের বাড়িতে আসেন। প্রথমে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়।

তিনি বলেন, তাঁর ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

এদিকে টুঙ্গিপাড়ার নীলফা বাজার এলাকায় সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে বিজিবির একটি দল পৌঁছালে সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক যানবাহনে আগুন দেন। স্থানীয় সূত্রের তথ্যমতে, বিজিবির অন্তত তিনটি গাড়ির পোড়া ধ্বংসাবশেষ নীলফা বাজার এলাকায় পড়ে থাকতে দেখা গেছে।

বুধবার সকালে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি, বাঁশ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে রাখতে দেখা যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে গোপালগঞ্জ জেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দোকানপাট খোলা এবং যান চলাচল স্বাভাবিক ছিল।

জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের খবর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানানো হয়েছে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত
১৮ নভেম্বর ২০২৬

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে ইউসু...

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল
১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে...

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে
১৮ নভেম্বর ২০২৬

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউ...

নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে আবারো আগুন, ভিডিও ভাইরাল
১৮ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে আবারো আগুন, ভিডিও ভাইরাল

নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পেট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই