মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিসে কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে নোটিসে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ইমেইলে এই নোটিস পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।
নোটিসে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার সুবাদে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। ভারতে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।
এতে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে। আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
প্রত্যর্পণ প্রক্রিয়ার বাইরে সাত দফা প্রস্তাব
প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিসে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল হাইকমিশন প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেফতার করে আইনি হেফাজতে নিতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভ্রমণ অনুমতিপত্র দিয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ ভাড়ায় নেওয়া বিমানে পুলিশের পাহারায় তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব রয়েছে। পুরো যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ দল নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে।
শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে তাঁকে সরাসরি ওই সাবজেলে নেওয়ার কথাও বলা হয়েছে।
আপিল ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রস্তাব
নোটিসে বলা হয়েছে, আইনি হেফাজতে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে। এ ছাড়া অন্যান্য আদালতে তাঁর বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত জুলাইয়ে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। এর চার মাস পর ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাঁকে ফেরত চেয়ে আসছে ঢাকা। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
আইনজীবী মাহমুদুল হাসান বলেন, নোটিসে ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে। সূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
সানা/আপ্র/১৮/১১/২০২৬