গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:২৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৮ এএম ২০২৬
পিরোজপুর ও ঢাকায় বাসে অগ্নিসংযোগ, নিহত হেলপার; ককটেল হামলা
ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তর - ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে এক হেলপারকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানী ঢাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই রাতে ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ছাড়া পিরোজপুরের নাজিরপুরে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এছাড়া বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতেও আগুন লাগে।

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক হেলপার পুড়ে মারা যান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কবির হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের বাস দুটি দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস মালিকদের খবর দেওয়া হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নাজিরপুরে দোকানে আগুন, গুদামে পেট্রল বোমা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রাত সোয়া ২টার দিকে কবিরাজবাড়ী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার দোকানসহ তিন থেকে চারটি দোকান পুড়ে যায়। একই সময়ে পাশের শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনের গুদামে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে গুদামে থাকা টিসিবির চালের বস্তায় আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

রাজধানীতে চার বাসে আগুন
রাজধানীতে মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর রামপুরা ব্রিজের আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তর -ছবি সংগৃহীত

পুলিশ জানায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পেছন থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসে যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হতে পেরেছেন। কেউ হতাহত হননি।

ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও, বছিলা, রেসিডেনশিয়াল মডেল কলেজ-সংলগ্ন এলাকা ও যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে। এ ছাড়া মোহাম্মদপুরের শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে।

শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছাত্রলীগের নেতাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, ককটেল দুটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

মহাখালীর সাততলা বস্তিতেও আগুন
এদিকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৫৯টি
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরহারা শতাধিক পরিবার

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। বুধবার (১৮ নভেম্বর...

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে, রাজনীতির অধিকার হারিয়েছে: স্বরাষ্ট্রমন্ত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বল...

মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ
১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট
১৮ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই