নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে ইউসুফ আহমেদ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় তাঁর মোবাইল ফোন ও বেতনের ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে গুরুতর আহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লায় বসবাস করতেন। স্থানীয় একটি ওয়াশিং কোম্পানির পিকআপ ভ্যান চালাতেন তিনি।
নিহতের মামা মো. ফারুক হোসেন জানান, রাতে কর্মস্থল থেকে বেতনের টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ইউসুফ। পথে ফতুল্লার চাষাঢ়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষ এবং এক পক্ষের লোকজনকে একটি বাড়ি ভাঙচুর করতে দেখেন। এ সময় মোবাইল ফোন বের করে ঘটনার ভিডিও ধারণ শুরু করেন তিনি।
ফারুক হোসেনের ভাষ্য, ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে হামলাকারীরা ইউসুফের দিকে এগিয়ে এসে তাঁকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর মোবাইল ফোন ও বেতনের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় ইউসুফ পাশের কর্মস্থলে গিয়ে পৌঁছালে মালিক ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের ধারণা, রাজনৈতিক সংঘাতের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার ইউসুফ অপ্রত্যাশিতভাবে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকারও হয়ে থাকতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ইউসুফের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬