মোঃ নুর জামাল হক: ভোরের আলো ফুটতেই ব্যস্ত হয়ে ওঠে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় পাহাড়পুর ওরাও গ্রাম। কেউ ধানখেতে ছুটছেন, কেউ অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করতে বের হচ্ছেন। উঠোনে গৃহস্থালির কাজ সামলাচ্ছেন নারীরা। শিশুরা কেউ স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ পরিবারের কাজে হাত লাগাচ্ছে। জীবনের এই চেনা ছন্দের আড়ালেই জমেছে গভীর উদ্বেগ। গ্রামের প্রবীণদের কথায় এখনো শোনা যায় কুরুখ ভাষা। কিন্তু নতুন প্রজন্মের মুখে সেই মাতৃভাষা ক্রমেই বিরল হয়ে উঠছে।
জমি হারিয়ে বদলে গেছে জীবিকা। দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকটের সঙ্গে বেড়েছে বাংলা ভাষার ওপর নির্ভরতা। ফলে উত্তরাঞ্চলের ওরাও জনগোষ্ঠী এখন শুধু অর্থনৈতিকভাবে টিকে থাকার নয়, নিজেদের ভাষা, সংস্কৃতি ও পরিচয় রক্ষারও কঠিন লড়াই করছে।
পীরগঞ্জের বড় পাহাড়পুর গ্রামে বর্তমানে ৩৩টি পরিবারের ১৫২ জন মানুষ বসবাস করেন। কয়েক বছর আগেও প্রায় প্রতিটি পরিবারের কিছু আবাদি জমি ছিল। এখন মাত্র তিনটি পরিবারের হাতে রয়েছে সামান্য জমি। অধিকাংশ পরিবার অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে।
গ্রামের সবচেয়ে প্রবীণ বাসিন্দা ৮২ বছর বয়সী বুধু কুজুর। ৭৫ বছর বয়সী স্ত্রী রুবনি ক্যারকাটাকে নিয়ে তিনিও অন্যের জমিতে কাজ করেন। বুধুর স্মৃতিতে, প্রায় ৫০ বছর আগে বড় পাহাড়পুর ছিল মূলত ওরাও অধ্যুষিত গ্রাম। অধিকাংশ জমির মালিকও ছিলেন ওরাওরা। সময়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষ সেখানে বসতি গড়েন। আর্থিক সংকট ও জমি নিয়ে বিরোধের কারণে অনেক ওরাও পরিবার জমি বিক্রি করে দেয়।
বুধু কুজুর বলেন, “আমি পৈতৃক সূত্রে ৩০ বিঘা জমি পেয়েছিলাম। এখন শুধু বসতভিটার পাঁচ শতাংশ জমি আছে।” জমি-সংক্রান্ত মামলা পরিচালনার খরচ জোগাতেও তাঁকে জমি বিক্রি করতে হয়েছে। একসময় সব আবাদি জমি হারিয়ে এখন অন্যের জমিতে শ্রম বিক্রি করেন তিনি।
তবে জমি হারানোর চেয়েও তাঁর কষ্ট ভাষা ও সংস্কৃতি হারানোর আশঙ্কায়। বুধু বলেন, “আমরা জমি হারিয়েছি। ধীরে ধীরে আমাদের ভাষা ও সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে। কুরুখ আমাদের মায়ের ভাষা। এ ভাষায় কথা বললে প্রাণ জুড়িয়ে যায়।”
তাঁর আক্ষেপ, ৪০ বছরের বেশি বয়সী ওরাওরা একত্র হলে এখনো কুরুখ ভাষায় কথা বলেন। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই তা বুঝতে বা বলতে পারে না। বুধুর আশঙ্কা, “আমরা বয়স্করা যখন কুরুখ ভাষায় কথা বলি, এ যুগের ছেলে-মেয়েরা শুধু তাকিয়ে থাকে। আমরা আমাদের সংস্কৃতিকে যতটুকু পারি বাঁচিয়ে রেখেছি। আমাদের মৃত্যুর পর হয়তো ভাষা আর সংস্কৃতি-দুটোই হারিয়ে যাবে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও আদিবাসী পরিষদের তথ্য অনুযায়ী, দেশে ওরাও জনগোষ্ঠীর জনসংখ্যা ৮৫ হাজার ৮৪৬। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৪৯৫ এবং নারী ৪৩ হাজার ৩৫১ জন। উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহীতে শত বছরেরও বেশি সময় ধরে তাঁদের বসতি। কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। জমি কমে যাওয়ায় এখন অনেক পরিবার দিনমজুরি, নির্মাণশ্রম, ইটভাটা ও মৌসুমি কাজের ওপর নির্ভরশীল।
রংপুর ওরাও আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ভিক্টোর কুজুর জানান, ওরাওদের আদি নিবাস ভারতের বর্তমান ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও আশপাশের এলাকায়। ব্রিটিশ আমলে কৃষি ও শ্রমের কাজে তাঁদের একটি অংশ উত্তরাঞ্চলে এসে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, বদরগঞ্জ, পীরগাছা ও তারাগঞ্জ উপজেলায় ৩০টির বেশি ওরাও গ্রাম রয়েছে। প্রতিটি গ্রামে প্রায় ৩০ থেকে ১৫০টি পরিবার বসবাস করে। জমিজমা হারিয়ে অনেক পরিবার অন্যত্র চলে গেছে।
ওরাওদের মাতৃভাষা কুরুখ দ্রাবিড় ভাষাপরিবারের অন্তর্ভুক্ত। একসময় গ্রামগুলোতে দৈনন্দিন কথাবার্তা, গান, গল্প ও লোককথার প্রধান ভাষা ছিল এটি। এখন অধিকাংশ শিশু বাংলা মাধ্যমে পড়াশোনা করছে, পরিবারেও বেড়েছে বাংলার ব্যবহার। ফলে অনেক বাড়িতে কুরুখ ভাষা প্রবীণদের কথোপকথনেই সীমাবদ্ধ হয়ে পড়ছে।
বদরগঞ্জ উপজেলার একটি ওরাও গ্রামের ৭৮ বছর বয়সী নির্মল কুজুর বলেন, একসময় গ্রামের অনুষ্ঠান, গান ও গল্প হতো কুরুখ ভাষায়। এখন অনেক তরুণ-তরুণী নিজের ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে না। তাঁর মতে, উত্তরাধিকারসূত্রে জমি ভাগ হয়ে ছোট হয়েছে। বিরোধ ও অর্থনৈতিক চাপে অনেকে জমি বিক্রি করেছেন। তিনি বলেন, “প্রতিনিয়ত আবাদি জমি কমছে। ওরাওদের নতুন পেশা, ব্যবসা-বাণিজ্য ও দক্ষতার দিকে যেতে হবে। তা না হলে জমিও থাকবে না।”
ওরাওদের সংস্কৃতির সঙ্গে কৃষি, প্রকৃতি ও ঋতুচক্রের সম্পর্ক গভীর। সরহুল, কারাম ও সোহরাই তাঁদের প্রধান উৎসব। এসব আয়োজনে নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান করেন। মাদলের তালে লোকগানে উঠে আসে প্রকৃতি, কৃষিশ্রম, জীবনসংগ্রাম ও সম্প্রীতির গল্প।
পীরগঞ্জের ছোট পাহাড়পুর গ্রামের ২০ বছর বয়সী কলেজ শিক্ষার্থী সুবর্ণা কুজুরের উদ্বেগ, সংস্কৃতি এখনো টিকে থাকলেও ভাষা হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের সংস্কৃতি আমরা ধরে রাখছি। কিন্তু কুরুখ ভাষা হারিয়ে ফেলছি। বাংলা ভাষার বেশি চর্চার কারণে আমরা কুরুখে অভ্যস্ত হতে পারছি না।” তাঁর ৭৫ বছর বয়সী দাদা সুখেন কুজুরের মতে, আধুনিক বিনোদন, শহরমুখী জীবন ও কর্মসংস্থানের কারণে তরুণেরা আগের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন না। তিনি বলেন, “একসময় আমাদের জাঁকজমকপূর্ণ সংস্কৃতি ছিল। আগের দিনগুলো এখন শুধু স্মৃতি। সেই দিনের কথা মনে হলে চোখে পানি আসে।”
দারিদ্র্য শিক্ষার পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। ছোট পাহাড়পুরের ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি কুজুরের বাবা সুধীর কুজুর ও মা রাধা রানী ক্যারকাটা দুজনই কৃষিশ্রমিক। পরিবারের আবাদি জমি নেই, বসতভিটা মাত্র চার শতাংশ। তার বড় ভাই আপন কুজুর অনার্সে পড়ছেন। স্মৃতি বলে, “খুব কষ্ট করে পড়াশোনা করছি। আমার দাদাও মাঝে মাঝে খেতে কাজ করেন। পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু আমাদের আর্থিক সামর্থ্য নেই। জানি না কতদূর পড়তে পারব।”
আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও অধিকার নিয়ে সুইস চার্চের অর্থায়নে কাজ করছে এইচইকেএস ইপিইআর। সংস্থাটির রংপুর আঞ্চলিক কার্যালয়ের মানবাধিকারকর্মী পাপন কুমার সরকার বলেন, দারিদ্র্য, বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা ও পরিবারকে সহায়তার প্রয়োজনের কারণে অনেক ওরাও শিশুর পড়াশোনা বন্ধ হয়ে যায়। উচ্চশিক্ষায় তাঁদের অংশগ্রহণও সীমিত। স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পুষ্টি ও স্যানিটেশন সুবিধার ক্ষেত্রেও অনেক পরিবার পিছিয়ে রয়েছে।
পাপন কুমার সরকারের মতে, শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। ভূমির অধিকার নিশ্চিত করা, মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষা চালু, সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি জরুরি।
এইচইকেএস ইপিইআরের পার্টনারশিপ কোঅর্ডিনেটর ও নৃবিজ্ঞানী অসিম কুমার রায় বলেন, ওরাওদের ভাষা, লোকসংগীত, নৃত্য, কৃষিজ্ঞান ও সামাজিক মূল্যবোধ বাংলাদেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সংরক্ষণ করা মানে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করা। তাঁর আশঙ্কা, জমি হারিয়ে জীবিকার অনিশ্চয়তা বাড়লে এবং নতুন প্রজন্মের কাছে কুরুখ ভাষা ও ঐতিহ্যের চর্চা কমতে থাকলে একদিন মাদলের সুরও স্তব্ধ হয়ে যেতে পারে।
ওরাওদের টিকে থাকার লড়াই তাই শুধু দারিদ্র্য থেকে উত্তরণের সংগ্রাম নয়। এটি ভূমি, ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও আত্মপরিচয় রক্ষার লড়াই। বুধু কুজুরের হারানো ৩০ বিঘা জমি আর সুবর্ণা কুজুরের মাতৃভাষা হারানোর উদ্বেগ একই বাস্তবতার দুই দিক। তাঁদের শেকড় ও ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র ও সমাজ সময়মতো পাশে না দাঁড়ালে উত্তরাঞ্চলের এই জনগোষ্ঠীর বহু প্রজন্মের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি একদিন কেবল স্মৃতির পাতায় ঠাঁই নিতে পারে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬