ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে 'সেভেন আপ' নামটা তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এতদিন সেই 'সেভেন আপ' শব্দের যন্ত্রণা একাই ভোগ করতে হয়েছে তাদের। অবশেষে যন্ত্রণা ভাগ করে নেওয়ার সঙ্গী পেল তারা।
কারণ আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। ম্যাচে হ্যাট্ট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের কাল্লাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের ওপর ছড়ি ঘোরায় সেলেসাওরা।
আগের ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের হতাশা কাটিয়ে বছরটা দুর্দান্ত এক জয় দিয়েই শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৯ মিনিটে ব্রুনো গিমারেসের পাসে দলকে প্রথম এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ১৫ ও ২১ মিনিটে আরও দুটি গোল করে মাত্র ২১ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
ম্যাচের ৩১ মিনিটে তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানের অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। ফলে প্রথমার্ধেই বড় লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পরও সিঙ্গাপুরের রক্ষণে চাপ বজায় রাখে ব্রাজিল। ৫১ মিনিটে নিজের নামের পাশে গোল যোগ করেন এস্তেভাও উইলিয়ান। ম্যাচের ৬৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। আর ৭৪ মিনিটে অ্যালানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি নিজেদের জালেই বল জড়িয়ে দিলে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে সিঙ্গাপুরের গোলমুখে মোট ২১টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিঙ্গাপুর ৮টি শট নিলেও মাত্র ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
আগের ম্যাচে লাল কার্ড দেখায় প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও উইঙ্গার রাফিনিয়া গ্যালারিতে বসে খেলা দেখেন। ডাগআউটে কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি এবং ব্রাজিলের অধিনায়কত্ব করেন ব্রুনো গিমারায়েস।
ডিসি/আপ্র/১৭/১১/২০২৬