ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলোয়াড় হিসেবে দীর্ঘ ১৯ বছরের অধ্যায়ের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। এবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ফ্র্যাঞ্চাইজিটি মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সিএসকে জানায়, দলের শুরু থেকে অসংখ্য জয়, কঠিন সময় ও স্মরণীয় মুহূর্তের সঙ্গী ছিলেন ধোনি। এবার মেন্টর হিসেবে তিনি দলটির পরবর্তী প্রজন্মকে পথ দেখাবেন।
২০০৮ সালের আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই দল নিষিদ্ধ থাকায় তিনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে।
আইপিএলের ১৮টি আসরে খেলেছেন তিনি। ২০২৬ সালের পুরো মৌসুমে চোটের কারণে মাঠে নামতে পারেননি ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জয়ের পাশাপাশি তাঁর নেতৃত্বে দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপাও জেতে দলটি।
২০০৮ সালের আইপিএল নিলামে ধোনিকে ১৫ লাখ ডলারে কিনেছিল চেন্নাই। সেবার নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি। ভারতের হয়ে তিন সংস্করণেই অধিনায়কত্ব করেছেন ধোনি। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর ২০২০ সালের ১৫ আগস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ক্রিকেটার।
ধোনির নতুন দায়িত্ব নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি। বড় সাফল্য, ব্যর্থতা এবং মাঝের সব অভিজ্ঞতার মধ্য দিয়ে একসঙ্গে বেড়ে উঠেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ আছে। আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’ ২০০৮ সালের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, ‘আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে।
শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে সে যেমন, সে কারণেও।’
ধোনি সব সময় সিএসকের পরিচয়ের অংশ হয়ে থাকবেন জানিয়ে শ্রীনিবাসন বলেন, ‘ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই জায়গা সব সময় তাঁর ঘর হয়ে থাকবে।’
ডিসি/আপ্র/১৭/১১/২০২৬