কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা কোতোয়ালি থানা থেকে তাঁদের পরিবারের জিম্মায় নেওয়া হয়।
ঢাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ব্যক্তিকে তাদের জিম্মায় নিয়ে গেছে।
পরিবারের কাছে হস্তান্তর করা কর্মকর্তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্তের পর থানা থেকেই সরাসরি পাঁচ কর্মকর্তাকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। তদন্তের স্বার্থে কর্মকর্তাদের মুঠোফোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর দপ্তরে নিয়ে যান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন তাঁরা।
এ ঘটনার পর সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই ঘটনায় তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠনের কথা জানান উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
মঙ্গলবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ কর্মকর্তাকে ঢাকা কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এরপর থেকে তাঁরা পুলিশ হেফাজতে ছিলেন। মঙ্গলবার বিকেলে তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সানা/আপ্র/১৭/১১/২০২৬