গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি, বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে পাঁচ ঘণ্টা অচল থাকার পর আবারো সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে কাজে ফিরেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। ক্রেন অপারেটররা কাজ শুরু করার পর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানামাও স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুই টার্মিনালে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত শ্রমিক। তাঁদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। এতে এনসিটি ও সিসিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। জাহাজ থেকে পণ্যভর্তি কনটেইনার ওঠানামা, আমদানি-রপ্তানি পণ্য পরিবহন এবং বন্দর থেকে পণ্য সরবরাহ ব্যাহত হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনরত শ্রমিকদের সাতজন প্রতিনিধিকে বন্দর ভবনে ডেকে বৈঠক করেন বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম। বৈঠকের পর কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত রেখে কাজে ফেরার সিদ্ধান্ত নেন শ্রমিকেরা। তবে কী সমঝোতার ভিত্তিতে তাঁরা কাজে ফিরেছেন, তা জানা যায়নি।

বৈঠকে অংশ নেওয়া ক্রেন অপারেটর মামুন খান শ্রমিকদের কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও তাঁদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রমিকদের কর্মবিরতির পেছনে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর নিয়ে চাকরির অনিশ্চয়তার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এক ক্রেন অপারেটরের ভাষ্য, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিতে পারে। এতে এনসিটিতে কর্মরত শ্রমিকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ আশঙ্কা থেকেই তাঁরা একযোগে আন্দোলনে নেমেছেন। একইভাবে সিসিটিও বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সেখানকার শ্রমিকদের মধ্যেও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ হয় এনসিটি ও সিসিটির মাধ্যমে। এর মধ্যে এনসিটিতে প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটিতে প্রায় ১৬ শতাংশ কনটেইনার ওঠানামা হয়। ফলে এ দুই টার্মিনালে কর্মবিরতির কারণে বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে।

এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ কনসেশন চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। ততদিন পর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। এমন পরিস্থিতিতে শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ থেকেই এ কর্মবিরতির সূত্রপাত।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ
১৭ নভেম্বর ২০২৬

ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করতে থানা ও মহানগর...

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি
১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও...

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম
১৭ নভেম্বর ২০২৬

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্...

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
১৭ নভেম্বর ২০২৬

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই