টেস্টে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। সবশেষ চার টেস্টের তিনটিই তারা জিতেছে, একটি ড্র। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে জয় দুইটিতে, একটিতে জিতেছে বাংলাদেশের বিপক্ষে। এই বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টেস্ট সিরিজ (দুই বার তার বেশি ম্যাচের) জিতেছিল জিম্বাবুয়ে।
সেটা সেই ২০০৪ সালে। দীর্ঘ ২২ বছর পর আবারও টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো জিম্বাবুইয়ানরা। শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টে শেষ মুহূর্তে এসে আফগানিস্তানের প্রতিরোধ ভেঙে ৫৭ রানে জিতেছে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট ড্র হয়েছিল।
এই জয়ের ফলে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ব্রায়ান বেনেটের দল। ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। আফসার জাজাই আর নাসের খান মারুফখিলের প্রতিরোধে প্রায় ড্র-ই করে ফেলেছিল আফগানরা। পঞ্চম দিনে প্রায় ৮৭ ওভার খেলে তারা।
আর ২৮ বল পরই ড্র হয়ে যেতো ম্যাচ। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আট নম্বরে নেমে নাসের খান ২৪২ বলে ১০১ রানে হার না মানা ইনিংস খেলে অভিষেক টেস্টেই মহাকাব্য রচনা করতে চেয়েছিলেন। হয়নি। এছাড়া আফসার জাজাই করেন ৮৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৩৩৯ এবং ২৯৫/৯
আফগানিস্তান: ২১৭ এবং ৩৬০
ফল: জিম্বাবুয়ে ৫৭ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে জয়ী জিম্বাবুয়ে।
ডিসি/আপ্র/১৭/১১/২০২৬