গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনা পরিবারের ১,০৪৫ কোটি টাকা অবরুদ্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
শেখ হাসিনা পরিবারের ১,০৪৫ কোটি টাকা অবরুদ্ধ
ছবি

শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল -ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের নামে থাকা জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা এবং সম্পদের তথ্য সংগ্রহেও আইনি প্রক্রিয়া চালাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলার অংশ হিসেবে এসব অর্থ ও সম্পদ অবরুদ্ধ এবং জব্দ করা হয়েছে।

দুদক সচিব জানান, পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে। জমিটির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব স্থাবর সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা। পাশাপাশি ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

হাসিনা-জয়-পুতুলসহ চারজনের নামে রেড নোটিস: শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিস অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানান দুদক সচিব।

এ বিষয়ে তিনি বলেন, কোনো আসামি দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের আইন অনুযায়ী তাঁকে সরাসরি গ্রেফতার করা সম্ভব না হলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিস জারির প্রক্রিয়া অনুসরণ করা হয়। আইনি প্রক্রিয়ায় তাঁদের দেশে ফিরিয়ে আনাই এর উদ্দেশ্য।

যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ক্ষেত্রে রেড নোটিস কার্যকর হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, দুদকের পক্ষ থেকে প্রক্রিয়া অনুসরণ করে অ্যালার্ট জারি করা হয়েছে। পরবর্তী করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। রেড নোটিস কার্যকর হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রে জয়ের সম্পদের তথ্য চেয়েছে দুদক: সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য সংগ্রহে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে দেশটির কাছে অনুরোধ পাঠিয়েছে দুদক। সচিব বলেন, “আমাদের যে তদন্ত প্রতিবেদনে আসছে যে, ইউএসএতে তার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে। এই তথ্যগুলো সংগ্রহ করার জন্যই আমরা এমএলএ প্রেরণ করেছি। জবাব পেলে আমরা পরবর্তী কার্যক্রম নিতে পারব।”

তিনি জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলার জন্য আলাদা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে প্রমাণ সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তের মান বজায় রাখা, আদালতে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন এবং বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

২৪ মামলার ১৭টি তদন্তাধীন: দুদক সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে কমিশন। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে। বাকি সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া হত্যা ও অন্যান্য অভিযোগে ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী
১৬ নভেম্বর ২০২৬

রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত...

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ
১৬ নভেম্বর ২০২৬

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের...

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে আতঙ্ক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে...

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তি...

ব্যবসায়ীকে আটকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
১৪ নভেম্বর ২০২৬

ব্যবসায়ীকে আটকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই