টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর শাখার নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় জড়ো হতে থাকেন।
পরে বেলা ১২টার দিকে নবঘোষিত কমিটির সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে কলেজগেট যমুনা ব্যাংকের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা প্রদক্ষিণ করে কাদিরিয়া গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর শাখার ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। এতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য পদধারীরা হলেন- সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৮/১১/২০২৬