গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪১ এএম ২০২৬
সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট
ছবি

শুক্রবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর ব্রিফিং করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে সংলাপের ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায়। জোটের নেতারা মনে করেন, জনগণ রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া ও কাঠামো নির্ধারণ করে দিয়েছে। এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের আন্তরিকতা প্রয়োজন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জোটের এ অবস্থান তুলে ধরেন সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার আলোচনার জন্য ডাকলে এবং দিন-তারিখ নির্ধারিত হলে জোটের শীর্ষ নেতারা বসে আলোচনার বিষয়বস্তু ঠিক করবেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠেয় সংলাপেও ১১ দলের শরিকেরা জোটগতভাবে অংশ নেবেন।

আযাদ বলেন, সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন হলেও মূল দায়িত্ব সরকারের। সরকার কতটা আন্তরিক এবং আদৌ সংস্কার চায় কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, সংস্কার কীভাবে হবে, তা জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। ফলে এ বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি হয়েছিল, তাতে সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বিধান ছিল। নির্বাচনের পর জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির নির্বাচিত সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংস্কার পরিষদ গঠনের জন্য ১৮০ দিনের সময়সীমাও নির্ধারিত ছিল।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬৯ শতাংশ ভোট ‘হ্যাঁ’ পড়ে। এ প্রসঙ্গে আযাদ বলেন, সংসদ সদস্যরাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে ওই পরিষদের অধিবেশনে রাষ্ট্র সংস্কারের কাজ করবেন। জনগণ প্রক্রিয়াটিও অনুমোদন করেছে।

সংলাপের আলোচ্যসূচি সম্পর্কে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নই হবে মূল বিষয়। জনগণ যে প্রক্রিয়া, সময়সীমা ও ফোরাম নির্ধারণ করে দিয়েছে, তা কীভাবে কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিই আলোচনার লক্ষ্য। এ নিয়ে সৃষ্ট মতপার্থক্য ও সংকট নিরসনেই সংলাপ প্রয়োজন।

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: পরওয়ার: রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও। তাঁর অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা তৈরি করছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামীও এ আহ্বানের সঙ্গে একমত। তবে গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের অধিকার ক্ষুণ্ন করছে। তাঁর ভাষায়, প্রায় ৭০ শতাংশ ভোটে অনুমোদিত গণভোটের রায় সংসদের ৫০ শতাংশ আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবিলায় দাঁড়াবে। এর মধ্য দিয়েই শ্রমিক-জনতার মধ্যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে।

ভারতের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, ভারত জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও অস্বীকার করেছে।

গোলাম পরওয়ার বলেন, দিল্লি রিমোট কন্ট্রোলের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের ওপর ভারতের ন্যূনতম আধিপত্যও গ্রহণযোগ্য নয়।

চট্টগ্রাম বন্দর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ সরকারকে আধিপত্যবাদী শক্তির দালাল হিসেবে আখ্যা দেবে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের মহানগর শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ।

সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পুনর্র্নিবাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী। 
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার
২৭ নভেম্বর ২০২৬

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০
২৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লেখার মাত্র...

গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী
২৭ নভেম্বর ২০২৬

গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী

বারবার হোঁচট খাওয়ার কারণেই বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভা...

গোপালগঞ্জে একযোগে ৬ বিএনপি নেতার পদত্যাগ
২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে একযোগে ৬ বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে