প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারো শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় বাকি নয়জন যেতে পারেননি। কাগজপত্র ঠিক করে তাঁরাও পরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে মালয়েশিয়ায় পৌঁছান নতুন কর্মীরা। তাঁরা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম জানান, প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মীর যাওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ১০৩ জন যেতে পেরেছেন। বাকি নয়জন পরে যাবেন।
ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ভোর ৪টার দিকে ১০৩ কর্মী বিমানবন্দর থেকে বেরিয়ে এলে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। এ সময় ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন কর্মীদের উদ্দেশে হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করছেন। নতুন কর্মীদেরও সেই সুনাম ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মালয়েশিয়া বাংলাদেশের বন্ধুভাবাপন্ন দেশ হলেও সেখানে কাজ করতে হলে দেশটির আইন-কানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে স্থানীয় বাসিন্দারা অসম্মানিত বোধ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। হাইকমিশনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী অনুসরণ করছেন বা কী শেয়ার করছেন, তা মালয়েশিয়ায় নজরদারিতে রাখা হয়। আপত্তিকর কিছু শেয়ার করলে নিরপরাধ ব্যক্তিরাও সমস্যায় পড়তে পারেন। এতে নিজের পাশাপাশি সহকর্মীদের বিপদ এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
পরে ডিএইচএলের কর্মকর্তারা কর্মীদের দুই দলে ভাগ করে নিজ নিজ কর্মস্থলে নিয়ে যান। এক দলকে পেনাং রাজ্যে এবং অন্য দলকে কুয়ালালামপুরের কাছের শাহ আলম এলাকায় নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাঁদের সুস্থতা কামনা করেন এবং মালয়েশিয়ার আইন-কানুন ও সংস্কৃতি মেনে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান সরকারপ্রধান।
সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটি প্রায় চার লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরো বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই সরকারপ্রধান একমত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে বোয়েসেলের মাধ্যমে চার হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়। তাঁদের মধ্য থেকে প্রথম ধাপে মালয়েশিয়া যাওয়ার জন্য ১১২ জনকে চূড়ান্ত করা হয়।
বোয়েসেল জানিয়েছে, ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা মাসিক এক হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেবে।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরো ২২৫ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সানা/আপ্র/২৭/১১/২০২৬