নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুর হিসেবেও কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে ফরহাদের সঙ্গে তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই দাউদ মোল্যা ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে ফরহাদসহ পাঁচ থেকে ছয়জন শ্রমিক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্যা ও তাঁর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
হামলার মুখে অন্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ফরহাদ পিছনে পড়ে যান। পরে তাঁকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬