জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, জুলাই সনদ বাস্তবায়ন না করাই জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীতে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সহিংসতার মধ্যে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরে ও বাইরে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর ধারাবাহিকতায় বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। দলটিও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।
জামায়াতের সাবেক সংসদ সদস্য গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যাতে তাঁরাও একমত। তবে সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করে ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “গণভোটের রায় উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোরে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ শতাংশ ভোটের গণরায় মেনে নিন।”
গোলাম পরওয়ার আরো বলেন, “গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিবাদ মোকাবিলায় দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।”
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তাঁরা সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। তবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষায়, ভারত জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও অস্বীকার করেছে।
তিনি বলেন, “দিল্লি যদি রিমোট কন্ট্রোলের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ কখনোই দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।”
চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তিও এতে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।”
চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব বক্তব্য দেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের মহানগর শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ।
সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পুনর্র্নিবাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।
চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সানা/আপ্র/২৭/১১/২০২৬