গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

তৃষ্ণা, অন্ধকার এবং নীরবতার দায়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪২ এএম ২০২৬
তৃষ্ণা, অন্ধকার এবং নীরবতার দায়
ছবি

ছবি সংগৃহীত

ফাইয়াজউদ্দিন আহমদ

‘হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে’ (আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর)। আজও আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী প্রাত্যহিক জীবনের নিষ্ঠুর বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে। উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আমরা যখন অবকাঠামো, জিডিপি প্রবৃদ্ধি কিংবা ডিজিটাল রূপান্তরের কথা বলি, ঠিক তখনই উপকূলীয় লবণাক্ত জনপদ থেকে শুরু করে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরের ভাঙাচোরা শৌচাগারের অন্ধকারে প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে আমাদের কন্যাশিশু ও নারীর মর্যাদা।

নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা (স্বাস্থ্যবিধি) এবং নিরাপদ মাসিক ব্যবস্থাপনা-এই চারটি অধিকারের ঘাটতি কেবল জনস্বাস্থ্যের সংকট নয়। এটি নারী ও কন্যাশিশুর ওপর যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতার (ঝএইঠ) এক অদৃশ্য অথচ ভয়াবহ ফাঁদ তৈরি করছে, যা আমাদের নীতিনির্ধারণী আলোচনা কিংবা মূলধারার নারী অধিকার আন্দোলনের কেন্দ্রে আজও যথাযথভাবে উঠে আসেনি। প্রশ্ন হলো, কেন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের নীতিমালা ও ওয়াশ বাজেট আলাদা খাতায় থাকে, এবং মাঠপর্যায়ে জবাবদিহির এই ঘাটতি কীভাবে দূর করা সম্ভব? পরিসংখ্যানের নির্মোহ আয়নায় তাকালে সংকটের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ইউনিসেফ ও ওয়াটারএইড বাংলাদেশের ‘জাতীয় হাইজিন জরিপ ২০১৮’ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের ‘প্রগ্রেস অন হাউসহোল্ড ড্রিংকিং ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ২০০০-২২: স্পেশাল ফোকাস অন জেন্ডার’ (২০২৩) প্রতিবেদন আমাদের এক অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। জেএমপি-র তথ্যমতে, বাংলাদেশে মৌলিক পানির প্রাপ্যতা প্রায় ৯৮ শতাংশে পৌঁছালেও নিরাপদভাবে ব্যবস্থাপিত নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন মাত্র ৫৯ শতাংশ মানুষ।

এই দেশে পানি সংগ্রহে পুরুষের তুলনায় নারীরা ১০ গুণেরও বেশি সময় ব্যয় করেন এবং এই ভার তাদের ওপর বহুগুণ বেশি চাপিয়ে দেওয়া হয়। স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার চিত্রটি আরও করুণ। জেএমপি’র হিসাব অনুযায়ী, দেশে নিরাপদভাবে ব্যবস্থাপিত স্যানিটেশন সুবিধা রয়েছে মাত্র ৩৯ শতাংশ মানুষের। যৌথ শৌচাগার ব্যবহার করেন বিপুলসংখ্যক নিম্নআয়ের মানুষ। বিবিএস-এর ‘জাতীয় হাইজিন জরিপ ২০১৮’ বলছে, দেশের বিদ্যালয়গুলোতে প্রতি ১৮৭ জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি শৌচাগার রয়েছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি ২৫ জন ছাত্রীর জন্য একটি আলাদা শৌচাগার থাকা প্রয়োজন। মাত্র ৭ শতাংশ কিশোরী বিদ্যালয়ে মাসিক ব্যবস্থাপনায় আত্মবিশ্বাসী বোধ করে এবং প্রায় ৩০ শতাংশ ছাত্রী মাসিকের সময় প্রতি মাসে গড়ে আড়াই দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে।

একজন কিশোরী বা নারী যখন রাতের অন্ধকারে বাড়ির বাইরের খোলা জায়গায়, ঝোপঝাড়ে কিংবা দরজাবিহীন, আলোহীন যৌথ শৌচাগারে শৌচকর্ম সারতে বা মাসিকের সামগ্রী বদলাতে যান, তখন তিনি চরম অরক্ষিত থাকেন। আবার, শহরের বাস টার্মিনাল, রেলস্টেশন, বাজার বা কর্মক্ষেত্রে নারীবান্ধব আলাদা শৌচাগার না থাকায় কর্মজীবী ও ভ্রমণরত নারীরা ঘণ্টার পর ঘণ্টা পানি পান করা থেকে বিরত থাকেন। এর ফলে তারা মূত্রনালির সংক্রমণ (ইউটিআই) এবং দীর্ঘমেয়াদে কিডনি জটিলতার দিকে ঠেলে দেওয়া হন। অর্থাৎ, নিরাপদ পানি ও শৌচাগারের অভাব নারীকে কেবল শারীরিক ও মানসিক সহিংসতার ঝুঁকিতেই ফেলছে না, বরং জনপরিসরে তার অবাধ চলাচল ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথও রুদ্ধ করে দিচ্ছে।

উপকূলীয় জনপদে এক কলসি মিঠাপানির জন্য নারীদের প্রতিদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে চার-পাঁচ কিলোমিটার দূরের পুকুর বা বৃষ্টির পানি সংরক্ষণাগারে যেতে হয়। এই দীর্ঘ নির্জন পথ পাড়ি দিতে গিয়ে কিশোরী ও তরুণীরা যেমন যৌন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি দেরিতে বাড়ি ফেরার কারণে বা সময়মতো রান্নার পানি জোগাড় করতে না পারায় সংসারে সহিংসতার শিকার হচ্ছেন। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রগুলোয় চিত্রটি আরও ভয়াবহ রূপ নেয়। গাদাগাদি করে থাকা আশ্রয়কেন্দ্রে নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার, পর্যাপ্ত আলো এবং গোপনীয়তা রক্ষার ব্যবস্থা না থাকায় কিশোরী ও নারীরা চরম যৌন হয়রানি এবং নিপীড়নের মুখে পড়েন।

ভয়ে ও লজ্জায় অনেকে আশ্রয়কেন্দ্রে যেতেই চান না। প্রকৃতির বৈরিতার চেয়েও মানুষের তৈরি অব্যবস্থাপনা ও কাঠামোগত উদাসীনতা তাদের জীবনকে বেশি দুর্বিষহ করে তুলছে। বাংলাদেশের বিদ্যমান আইন নারী ও শিশুর এই অধিকারগুলোর সুরক্ষা দিতে স্পষ্টভাবের অঙ্গীকারবদ্ধ। ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ৫৮ ও ৫৯ ধারায় এবং ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ৪৭ ও ৫০ বিধিতে কারখানা ও কর্মক্ষেত্রে শ্রমিকদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং নারী ও পুরুষ শ্রমিকদের জন্য সম্পূর্ণ আলাদা, পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত ও পরিচ্ছন্ন শৌচাগার স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। ‘জাতীয় পানি আইন, ২০১৩’-এর ৩ ধারায় নিরাপদ পানি ও স্যানিটেশনের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রণীত ‘পানি সরবরাহ ও স্যানিটেশন জাতীয় কৌশলপত্র ২০২১ (সংশোধিত)’ ও ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র ২০২১’-এর পাশাপাশি ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’, ‘জাতীয় শিশু নীতি ২০১১’ এবং ‘জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০’—এসব দলিলে জেন্ডার- সংবেদনশীল ওয়াশ ব্যবস্থার কথা বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার ও মাসিক ব্যবস্থাপনার সুযোগ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ২০১৫ সালে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছিল। কিন্তু মাঠপর্যায়ে এর বাস্তবায়ন এখনও ঘাটতিপূর্ণ। উচ্চ আদালতের নির্দেশনাও এখানে প্রাসঙ্গিক। ২০০৯ সালে ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ মামলায় (রিটরন পিটিশন নং ৫৯১৬/২০০৮, ২০০৯) হাইকোর্ট বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা জারি করেন, যেখানে শৌচাগার ও ওয়াশরুমের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ‘আইন ও সালিশ কেন্দ্র বনাম বাংলাদেশ সরকার’ (৬৩ ডিএলআর, ২০১১) মামলায় আদালত কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে মৌলিক অধিকারের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে হাইকোর্ট বিভাগ নাগরিকদের জন্য নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতাকে সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে জীবনধারণের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে আদালত, হাসপাতাল, রেলস্টেশনসহ জনপরিসরে নিরাপদ পানি সরবরাহের নির্দেশনা দিয়েছেন।

এই নীরব সহিংসতার চক্র ভাঙতে হলে রাষ্ট্র, সমাজ, আইন ও নাগরিক আন্দোলন- সবাইকে একযোগে সক্রিয় হতে হবে। আগামী ৬ মাসের মধ্যে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে দেশের সব বাস টার্মিনাল, রেলস্টেশন, বাজার, হাসপাতাল এবং উপকূলীয় ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রের শৌচাগারগুলোতে নারীদের জন্য আলাদা কক্ষ, পর্যাপ্ত আলো, ভেতর থেকে মজবুত ছিটকিনি এবং স্যানিটারি ন্যাপকিন ফেলার ঢাকনাযুক্ত বিন অবিলম্বে নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসন ও স্থানীয় কমিউনিটি পুলিশিং ইউনিটগুলোকে দুর্গম এলাকায় পানি সংগ্রহের পথ এবং বস্তি বা জনপরিসরের শৌচাগার এলাকায় নিয়মিত টহল জোরদার করতে হবে, যাতে হয়রানি ও সহিংসতা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা যায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলোকে ওয়াশ-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করে ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি ও মনোসামাজিক সহায়তা দিতে হবে।

১ থেকে ৩ বছরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাত্রীদের জন্য আলাদা, পানিসুবিধাসংযুক্ত ও মাসিকবান্ধব শৌচাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে বাধ্যতামূলক বাজেট বরাদ্দ দিতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে শ্রম আইনের ৫৮–৫৯ ধারা বাস্তবায়নে কঠোর তদারকি চালাতে হবে। নারী অধিকার সংগঠন, নাগরিক সমাজ (সিএসও) ও গণমাধ্যমকে স্পষ্ট করতে হবে যে পানি ও স্যানিটেশনের নিরাপত্তা ছাড়া নারীর মর্যাদা ও ক্ষমতায়ন অসম্পূর্ণ। নারী নির্যাতনবিরোধী প্রচারাভিযানগুলোতে নিরাপদ পানি, স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্যের দাবিকে যুক্ত করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উচিত ইউটিআই বা প্রজননতন্ত্রের সংক্রমণ নিয়ে আসা নারী রোগীদের কেবল চিকিৎসা না দিয়ে এর পেছনের ওয়াশ-সংশ্লিষ্ট কারণগুলো নথিভুক্ত করা এবং নীতিনির্ধারকদের সামনে তথ্য-উপাত্ত তুলে ধরা।

৩ থেকে ১০ বছরের মধ্যে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ এবং ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) ২০২৩-২০৫০’-এর আওতায় উপকূলীয় লবণাক্ত, হাওর, চর ও পার্বত্য অঞ্চলের প্রতিটি বাড়ির আঙিনায় নিরাপদ মিঠাপানির উৎস পৌঁছে দিতে হবে, যাতে কোনও নারী বা কিশোরীকে পানির জন্য ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াতে না হয়। জাতীয় বাজেটে জেন্ডার বাজেটিংয়ের আওতায় ওয়াশ খাতে সুনির্দিষ্ট বরাদ্দ বাড়াতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) এবং ওয়াসার যেকোনও অবকাঠামো নকশায় ‘জেন্ডার সেফটি অডিট’ বাধ্যতামূলক করতে হবে।

নিরাপদ পানি আর মর্যাদাপূর্ণ ও নিরাপদ শৌচাগার কোনও বিলাসিতা নয়; এটি প্রতিটি নারী ও কন্যাশিশুর মানবাধিকার। আমরা যদি আমাদের মা, বোন ও কন্যাদের এই মর্যাদা ও নিরাপত্তার ঝুঁকি নিতে বাধ্য করি, তবে আমাদের সব উন্নয়ন-অর্জনই অর্থহীন হয়ে পড়বে। নিরাপদ পানির অধিকার ও নিরাপদ শৌচাগার নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠবে এমন এক সমাজ, যেখানে কোনও নারী বা কন্যাশিশুকে আর নিরাপত্তাহীনতা বা নীরবতার শিকল পরতে হবে না—আর সেখানেই প্রতিষ্ঠিত হবে আমাদের প্রকৃত মানবিক মর্যাদা। প্রতি বছরের মতো এই বছরও আগামী ২৫ নভেম্বর হতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইন। এবার কি আমাদের দৃষ্টি এবং কার্যক্রম নিরাপদ ওয়াশে নারীর নিরাপত্তার বিষয়টির বিবেচিত হতে পারে না?

লেখক: একজন উন্নয়নকর্মী
(মতামত লেখকের সম্পূর্ণ নিজস্ব)

কেএমএএ/আপ্র/২৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি
২৫ নভেম্বর ২০২৬

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

এম এম মুসা এম এম মুসা====১৪ নভেম্বর, শনিবার। উত্তরায় বিজিএমইএ ভবনে বিজিএমইএ আর বিকেএমইএ যৌথ সংবাদ সম...

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
২৫ নভেম্বর ২০২৬

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

আলমগীর খান আলমগীর খান===বর্তমানে ট্রাম্প-নেতানিয়াহু চক্রের হোঁচট খাওয়ার মধ্য দিয়ে বিশ্বের ডানপন্থী...

যত্নে থাকুক পরিবারের প্রবীণ সদস্যরা
২০ নভেম্বর ২০২৬

যত্নে থাকুক পরিবারের প্রবীণ সদস্যরা

মাহমুদ আহমদএকজন পিতা-মাতা নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন। পরম আদর-স্নেহ দিয়ে তারা সন্তান...

রাজপথে আগুন, জীবনে অনিশ্চয়তা
২০ নভেম্বর ২০২৬

রাজপথে আগুন, জীবনে অনিশ্চয়তা

তাহনিয়া ইয়াসমিনদেশের মানুষ এখন যেন প্রতিদিন নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। সকালে ঘর থেকে বেরিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে