আলমগীর খান আলমগীর খান===
বর্তমানে ট্রাম্প-নেতানিয়াহু চক্রের হোঁচট খাওয়ার মধ্য দিয়ে বিশ্বের ডানপন্থী রাজনীতি কিছুটা পিছু হটল। কিন্তু এই পিছু হটা সাময়িক হতে পারে। ট্রাম্প আর নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ডানপন্থী ধারা তার রাজনীতিকে সংহত করতে চেষ্টা করবে। ডানপন্থী ধারাগুলো এখন ট্রাম্প ও নেতানিয়াহুকে বোঝা মনে করবে ও নতুন নেতৃত্ব খুঁজবে। এভাবে তারা ডানপন্থী রাজনীতিকে পুনরায় শক্তিশালী করার চেষ্টা করবে। বর্ণবাদী, জাতিবিদ্বেষী ও ঘৃণার রাজনীতি নতুন মোড়কে হাজির হবে। তাই ট্রাম্প-নেতানিয়াহুর পিছু হটায় ডানপন্থার ক্ষতি হলেও বড় পরাজয় ঘটেনি। এই প্রতিক্রিয়াশীল রাজনীতির আরো অনেক কর্ণধার আছেন। এমন এক কর্ণধার হচ্ছেন বর্তমান পৃথিবীর সেরা ধনী ব্যক্তি ইলন মাস্ক।
গাড়ির কোম্পানি টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স, টুইটার (বর্তমানে এক্স) ইত্যাদির কারণে ইলন মাস্কের পরিচিতি বিশ্বব্যাপী। বাংলাদেশেও বহু তরুণ-তরুণী তার নামের সঙ্গে পরিচিত সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির কারণে। নিজেকে প্রচার করার কৌশলে তিনি অতি দক্ষ। সে প্রচারে একটা বিজ্ঞানী বিজ্ঞানী ভাবও রয়েছে। ক্যারিয়ার সচেতন তরুণদের কাছে তিনি এক আদর্শস্বরূপ। কেননা তার উন্নতির গল্পটি চোখ ধাঁধানো বৈকি। আর ওই কারণেই মাস্ক অতি বিপজ্জনক এক ব্যক্তিও। রাজনীতিবহির্ভূত দৃষ্টিতে দেখলে তাকে কেবল নির্দোষ মনে হয় তাই নয়, এছাড়াও অতি আকর্ষণীয় ও ক্যারিশম্যাটিক। কিন্তু একজন সামাজিক মানুষ হিসেবে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এই বিখ্যাত মানুষটি আসলে ক্ষতিকারক ও অতি প্রতিক্রিয়াশীল এক ব্যক্তি। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যখন ক্যারিয়ার সফল এই ব্যক্তিটি তরুণসমাজের কাছে গ্রহণযোগ্য ও আলোচ্য হয়ে ওঠেন।
তরুণসমাজের বড় অংশের চোখে ইলন মাস্কের সাফল্যের পেছনে শুধুই তার মেধার কৃতিত্ব। তিনি একজন চৌকস প্রকৌশলী, উদ্ভাবক ও দূরদর্শী ব্যবসায়ী আর তার উদ্ভাবিত প্রযুক্তিসমূহ মানুষের অগ্রগতি ও কল্যাণে সহায়ক। যে ধারণা মূলত একটি মিথ, যা তিনি তার নিয়ন্ত্রিত মিডিয়াসমূহ দ্বারা তৈরি করেছেন। প্রকৃতপক্ষে মাস্কের সব বড় বিনিয়োগে সরকারের বা জনগণের আর্থিক ঋণ ও সহায়তা রয়েছে। মাস্ক যে মেধাবী এতে কোনো সন্দেহ নেই, তবে সাধারণ মানেরই। তার অন্যতম মেধা হচ্ছে নিজেকে অতি মেধাবী হিসেবে উপস্থাপন করায়। তার দৃষ্টিভঙ্গি, জীবনদর্শন, ব্যবসায়িক কার্যক্রম, রাজনৈতিক হস্তক্ষেপ ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ সবই লুণ্ঠনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের অন্যতম সহায়ক।
তবে মাস্ক একবিংশ শতাব্দীর অন্যতম ক্ষমতাবানদের একজন। তিনি পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার। অর্থাৎ অকল্পনীয় ধনী। জ্যাকোবিনের একটি এক্স পোস্টের হিসাব অনুযায়ী কেউ প্রতি ঘণ্টায় ১০ লক্ষ ডলার আয় করলে মাস্কের সমান ধনী হতে তার পাঁচশ বছর লাগবে। জেটেও-তে মেহেদি হাসানের সঙ্গে কথোপকথনে লেখক ও চলচ্চিত্রকার নাওমি ক্লেইন বলেছেন পৃথিবীর মাত্র ২১টি ধনী দেশের জিডিপি ইলন মাস্কের সম্পদের সমান। অক্সফামের হিসাবে গত বছর মাস্কের আয় ছিল প্রতি মিনিটে ১০ লক্ষ ডলার। এই উন্নয়ন সংস্থার মতে মাস্কের এই ট্রিলিয়নেয়ার হওয়ার দিবসটি ‘গণতন্ত্রের জন্য এক কালো দিন’।
বৈশ্বিক গণতন্ত্রের জন্য মাস্ক কত বড় হুমকি তা বুঝতে এটুকু জানাই যথেষ্ট যে পৃথিবীর সব অগণতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার দহরম-মহরম। এক্সের মালিক হওয়ার সুবাদে তিনি দেশে দেশে জনমতকে নিয়ন্ত্রণ করেন। ওই কারণে তিনি নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রিলিয়নেয়ার হিসেবে তিনি যে ইতিহাসের পাতায় প্রথমদের তালিকায় উঠে এসেছেন, সেটি কতখানি গর্বের? যে পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ ভাত-কাপড়ের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, সেখানে একজন ব্যক্তির এই পরিমাণ অর্থোপার্জন কেবল দৃষ্টিকটুই নয়, মানবসমাজের ও রাষ্ট্রব্যবস্থার একটা চরম ব্যর্থতার দৃষ্টান্ত।
জ্যাকোবিনে বেন বার্গিস লিখেছেন (ইলন মাস্ক ইজ আ ট্রিলিয়নেয়ার। ইয়েস, দ্যাটস আ ব্যাড থিং, জ্যাকোবিন, জুন ১৬, ২০২৬), কোনো কার্যকর ও মানবিক সমাজ এই পর্যায়ের অসাম্য তৈরি করবে না। তিনি লিখেছেন, “প্লেটো তার আইন গ্রন্থে পরামর্শ দিয়েছেন যে, সুশাসিত কোনো নগরে কোনো নাগরিকের এই পরিমাণ অর্থ থাকা উচিত নয় যা অন্য নাগরিকের চেয়ে চার গুণ। তিনি মনে করেছেন, এমন চরম অসাম্যমূলক অবস্থায় সামাজিক সম্পর্কে ভাঙন ধরে। শেষ পর্যন্ত এমন হবে যে, দুই রকম নগর হবে, একটি ধনীদের ও একটি গরিবদের জন্য।”
এই লজ্জার বোধ ইলন মাস্ক বা তার সমগোত্রীয়দের মাঝে থাকার কোনো কারণ নেই, ওই আশাও কেউ করে না। তবে পৃথিবীর প্রথম এই ট্রিলিয়নেয়ার প্রথমত একজন শ্বেতাঙ্গ বর্ণবাদী। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত এই মার্কিন অভিবাসী আগাগোড়া কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আদায়ের বিরোধী ছিলেন। ২০২০-এ যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যা সারা বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল। কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত ওই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের মুক্তি দাবি করছেন এখন ইলন মাস্ক।
ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি অভিযানে প্রদত্ত তার প্রসারিত হাতের ভঙ্গি হচ্ছে নাৎসি স্যালুটের অনুকরণ। হিটলার ও তার অনুসারীরা বক্তৃতা শেষে এই ভঙ্গিটি ব্যবহার করতেন যা ‘হিটলার স্যালুট’ নামেও পরিচিত। এটি খোদ জার্মানিতে এখন নিষিদ্ধ। আরো লক্ষণীয় যে, মাস্ক প্রতিক্রিয়াশীল ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) একজন ঘোর সমর্থক হিসেবে তাদের প্রচারাভিযানেও অংশ নিয়েছেন। তবে বারাক ওবামার আমলে সরকারি ঋণ ও সাবসিডি নেওয়ার জন্য তিনি ছিলেন উদারপন্থী রাজনীতির সমর্থক। রিপাবলিকান আমলে তার অপকর্মগুলো ঢেকে রাখার জন্য ও আরো আর্থিক সুবিধা লাভের জন্য তিনিই আবার ট্রাম্পের ঘোর সমর্থক হয়ে গেলেন।
একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও অস্কার বিজয়ী চলচ্চিত্রকার আলেক্স গিবনির প্রামাণ্যচিত্র ‘মাস্ক’-এ মাস্ক সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তথ্যবহুল এ ছবিটি তৈরি করতে গিয়ে গিবনিকে নানারকম হুমকি মোকাবিলা করতে হয়েছে। গিবনি তাকে একজন ধুরন্ধর ব্যবসায়ী ছাড়া আর কিছুই মনে করেন না। তিনি দেখিয়েছেন যে, মাস্ক নিজেকে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত করালেও আসলে তিনি সেখানে একজন বিনিয়োগকারী মাত্র। টেসলার প্রকৃত প্রতিষ্ঠাতা মার্টিন এবারহার্ড ও মার্ক টারপেনিং এবং তারাই এর উন্নত প্রযুক্তির উদ্ভাবক। পরে এবারহার্ডকে হটিয়ে দিয়ে তিনি এটি দখল করেছেন ও প্রতিষ্ঠাতা হিসেবে নিজের নাম যুক্ত করেছেন। এছাড়া তার ব্যবসার সঙ্গে সম্পর্কিত নানা অন্যায়কে ঢাকতে যা প্রয়োজন সবই তিনি করেছেন।
ট্রাম্পের নির্বাচনে অন্যতম বিনিয়োগকারী মাস্ক। দ্বিতীয় মেয়াদে তাকে জেতানোর জন্য নির্বাচনি অভিযানে তিনি প্রায় ৩,০০০ লাখ ডলার ব্যয় করেছেন। আর সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তিনি ব্যয় করেছেন প্রায় ৫,০০০ লাখ ডলার। কিন্তু রিপাবলিকানদের ভরাডুবি ঠেকাতে পারেননি। এখন বুঝতে পারছেন যে, এত টাকা ব্যয় করা ঠিক হয়নি, কারণ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে পয়সা দিয়ে কেনা যায় না। তবে রাজনৈতিক নির্বাচনে অর্থ অনুদানেও তিনি বিশ্ব রেকর্ড করেছেন। আর এই অর্থের সবই দুর্নীতিবাজ, প্রতিক্রিয়াশীল ও বর্ণবাদী প্রার্থীদের পেছনে।
মাস্কের নাৎসি স্যালুটের পক্ষে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এক্স-এর এক পোস্টে তিনি লিখেছেন, “ইলন ইসরায়েলের এক মহান বন্ধু। ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার পর তিনি ইসরায়েল ভ্রমণ করেছেন। যা হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় আক্রমণ।” যে সময় নেতানিয়াহু এই পোস্ট করছেন ততদিনে ইসরায়েল গাজায় ৭১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে আর নেতানিয়াহু একজন গণহত্যাকারী ও যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। কিন্তু মনেপ্রাণে মুসলিমবিদ্বেষী মাস্কের কাছে সেটা বিবেচ্য নয়।
তার মুসলিমবিদ্বেষের কথা নিজেই স্বীকার করেছেন এ বছর জুলাই মাসে দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদকের সঙ্গে এক সাক্ষাৎকারে, বলা যায় ধরা পড়েছেন। জ্যানি মিন্টন বেডোসের সরাসরি প্রশ্ন: আপনি কি মুসলিমবিরোধী? ইলন অনেকক্ষণ তোতলাতে থাকেন। অবশেষে উত্তর দেন, তিনি তাদের বিরুদ্ধে যারা সাংঘর্ষিক ধারণা নিয়ে এই দেশে আসে। বলেন, “আমি ধর্ষণ ও খুনের বিরোধী।”
মঙ্গলগ্রহে মানববসতির স্বপ্ন বিক্রি করা ইলন মাস্ক শ্বেতাঙ্গ বর্ণবাদী, মুসলিমবিদ্বেষী, জায়নবাদী, সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদী, মানবতাবিরোধী এক আকর্ষণীয় ব্যক্তি। বুদ্ধিমত্তাপূর্ণ মুখোশের আড়ালের মানুষটি আসলে সাধারণ মানুষের জন্য এক ভয়ংকর ভবিষ্যৎ ফেরি করছেন।
লেখক: কবি ও সমাজকর্মী
সানা/আপ্র/২৫/১১/২০২৬