বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বেড়েছে উৎপাদন ব্যয়, কমেছে শ্রমিকের সংখ্যা। নতুন বিনিয়োগ ও কর্মী নিয়োগেও দেখা দিয়েছে স্থবিরতা। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শিল্পকারখানার পরিস্থিতি মূল্যায়নে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপের ফল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
‘বিআইডিএস-বিসিআই মূল্যায়ন ১০০ সূচক’-এর প্রথম পর্যায়ের জরিপে এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ১৩০টি মাঝারি ও বড় শিল্পকারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে উৎপাদন, উপকরণ ব্যবহার, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের ক্ষেত্রে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে চলতি বছরের ওই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত ছিল। তবে এ সময়ে ৪০টি কারখানার উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানায় উৎপাদন কমেছে।
কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে নেমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্রশিল্পে। এ খাতে উৎপাদন সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে। একই সময়ে বস্ত্রশিল্পের উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে তৈরি পোশাক খাতে উৎপাদন ২ শতাংশ বেড়েছে।
বিদ্যুৎ-গ্যাস সরবরাহে বড় সংকট: জরিপে শিল্পকারখানার উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতিকে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে প্রতিদিন গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। গ্যাস বিভ্রাটের সময় শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে এ হার ছিল ৩৮ শতাংশ, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৭ শতাংশে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে তাদের ব্যবসার প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে।
এ সময়ে প্রতি কারখানায় জ্বালানি ব্যয় ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়েছে। পাশাপাশি জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
কমেছে শ্রমিকের সংখ্যা ও নিয়োগ: শিল্পকারখানায় কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে জরিপে। এতে দেখা গেছে, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিকের মোট সংখ্যা ১ শতাংশ কমেছে। আগে শ্রমিকের সংখ্যা ছিল ৩ লাখ ৭ হাজার ১০০। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৭০০-তে।
এ সময়ে নতুন নিয়োগ ও চাকরি ছেড়ে যাওয়ার হার ১৯ শতাংশ কমেছে। নতুন নিয়োগের বেশিরভাগই হয়েছে আগে চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের শূন্য পদ পূরণের জন্য। অর্থাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে বিদ্যমান কর্মীসংখ্যা ধরে রাখার প্রবণতাই বেশি ছিল।
ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ: জরিপে শিল্পকারখানার ব্যবসায়িক মনোভাবের সূচকেও দুর্বলতা দেখা গেছে। আগের তিন মাসের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে ব্যবসায়িক পরিস্থিতি মূল্যায়নের পাঁচটি সূচকের সব কটিই ৫০-এর নিচে অবস্থান করেছে।
তবে পরবর্তী তিন মাসের জন্য উদ্যোক্তাদের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে বেড়ে ৫৪ হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, উদ্যোক্তারা ব্যবসায়িক পরিস্থিতির অবনতি থামার পাশাপাশি উৎপাদন কিছুটা বাড়ার আশা করছেন।
উল্লেখ্য, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকটের মধ্যে গত এপ্রিল ও জুনে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। জুনে বিদ্যুতের দামও বাড়ানো হয়েছিল। জরিপে শিল্পকারখানার উৎপাদন ও ব্যয় পরিস্থিতিতে এসব সংকটের প্রভাবের চিত্র উঠে এসেছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬