২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের হিসাবে, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন এবং প্রতিদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা এবং ইউএন উইমেনের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও কন্যাশিশুদের জন্য এখনো সবচেয়ে অনিরাপদ স্থান তাঁদের নিজ বাড়ি। বছরের পর বছর এ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের মধ্যে ৬০ শতাংশকেই হত্যা করেছেন ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশুদের এ ধরনের হত্যাকাণ্ড থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। প্রতি এক লাখ নারী জনসংখ্যার বিপরীতে সেখানে ২ দশমিক ৯ জন এ ধরনের হত্যার শিকার হয়েছেন। এরপর রয়েছে আমেরিকা অঞ্চলে ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫ জন।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরেই এ বিষয়ে উদ্বেগজনক পরিসংখ্যান দেখা যাচ্ছে। ভীতিকর মনোভাব, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, কন্যা, মা কিংবা বোনকে হত্যা করাও যেন সহনীয় হয়ে উঠছে। এ বাস্তবতা বদলাতে সমাজের সব স্তরে টেকসই পদক্ষেপ প্রয়োজন।
তিনি ক্ষতিকর মনোভাব ও আচরণ পরিবর্তনে প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করার পাশাপাশি পারিবারিক সহিংসতায় জড়িত অপরাধীদের মোকাবিলায় বিশেষায়িত কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নারী হত্যা সাধারণত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের সহিংসতা, হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পরিণতি হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটে। অথচ আগেভাগে কার্যকর পদক্ষেপ নিলে অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব। নানা বাধার কারণে শারীরিক বা যৌন সহিংসতার শিকার অধিকাংশ নারী পরিবার, সমাজ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান না। ফলে তাঁদের অনেকেই সুরক্ষাহীন থেকে যান এবং অপরাধীরা বিচারের বাইরে থেকে যায়।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই নারীরা যাতে নিরাপদে সহিংসতার অভিযোগ জানাতে পারেন, সুরক্ষা পান এবং প্রয়োজনীয় সহায়তা লাভ করেন, তা নিশ্চিত করতে হবে। সতর্কবার্তা উপেক্ষা করা, যথাযথ তদন্ত না করা এবং অপরাধীদের বিচারের আওতায় না আনার পরিণতি প্রাণঘাতী হতে পারে।
বিশ্বজুড়ে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার কমার গতি তুলনামূলক ধীর। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে সাধারণ হত্যাকাণ্ড কমার হার নারী হত্যার হার কমার প্রায় দ্বিগুণ ছিল। ইউরোপে এ ব্যবধান প্রায় দেড় গুণ।
এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘১৬ দিনের সক্রিয়তা’ কর্মসূচি পালন করবে ইউএন উইমেন ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা। এ কর্মসূচির মাধ্যমে সরকার, বেসরকারি খাত, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম, নারী সংগঠন এবং সহিংসতা থেকে বেঁচে ফেরা নারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এবারের প্রতিপাদ্য, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।
প্রতিবেদনের নোটে বলা হয়েছে, ২০২৫ সালে পারিবারিক পরিমণ্ডলে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু নিহত হওয়ার হিসাবটি ২০২৪ সালের ৫০ হাজারের অনুমিত সংখ্যার চেয়ে কম। তবে একে প্রকৃতপক্ষে নারী হত্যার হার কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখা যাবে না। দেশভিত্তিক তথ্য সংগ্রহ ও প্রাপ্তির মানোন্নয়নের কারণে দুই বছরের হিসাবে এ পার্থক্য দেখা গেছে।
এদিকে, নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১২৯টি কমলা পতাকা দিয়ে একটি স্থাপনা তৈরি করেছে ইউএন উইমেন। প্রতিটি পতাকা প্রতিদিন হত্যার শিকার একজন নারী বা কন্যাশিশুর প্রতীক হিসেবে রাখা হয়েছে। এর মাধ্যমে প্রতিদিনের প্রাণহানির ভয়াবহতা দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: ইউএন উইমেন
সানা/আপ্র/২৪/১১/২০২৬