মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে-এমন খবর প্রকাশের পর তিনি এ ঘোষণা দেন। ন্যাটোর ভূখণ্ড ও মহাকাশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান-প্রদান হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া আগামী ৬০ দিনের মধ্যে মহাকাশে অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। তবে কোন দেশ এ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, তা স্পষ্ট নয়।
জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুং নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে, রুশ স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করা হয়েছে। যোগাযোগ ও নজরদারিতে ব্যবহৃত স্যাটেলাইটসহ অন্য স্যাটেলাইট অকেজো বা ধ্বংস করতে এটি ব্যবহার করা হতে পারে।
বার্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুতে বলেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তা রক্ষার বিষয়ও এর অন্তর্ভুক্ত।’ এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর হাতে নানা ধরনের বিকল্প ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সব সময় প্রতিরক্ষাব্যবস্থা মূল্যায়ন করি এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করি।’
সংবাদ সম্মেলনে রুতের পাশে ছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি রাশিয়ার কথিত পরিকল্পনার খবর নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে বলেন, ‘রাশিয়া উত্তেজনা কোন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত, তা এসব খবর থেকে স্পষ্ট বোঝা যায়।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র নেওয়ার পরিকল্পনা করছে, এমন খবর নতুন নয়। এটি উদ্বেগজনক খবর।’
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ-সংক্রান্ত কোনো সংবাদ তিনি দেখেননি। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত এসব খবরকে গুরুত্ব দেওয়ার মতো নয় বলে মন্তব্য করেন তিনি। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমের কাছে এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এর আগে জার্মান সরকারের এক মুখপাত্রও প্রতিবেদনগুলো নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি।
১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তিতে স্বাক্ষর করেছে রাশিয়া। এ চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশ চুক্তির বাইরে থাকা বিভিন্ন সামরিক সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিপক্ষের স্যাটেলাইট লক্ষ্যবস্তু করতে সক্ষম অস্ত্র মহাকাশে মোতায়েন করেছে বা করার পরিকল্পনা করছে বিভিন্ন দেশ।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। তবে মস্কো সে অভিযোগ অস্বীকার করে। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। আমরা সব সময় মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী ছিলাম, এখনো আছি।’ সূত্র: বিবিসি
সানা/আপ্র/২৪/১১/২০২৬