দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। সংস্কারকাজ শেষে এই মাঠে ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। একই দিনে জিতেছে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এফসিও।
২০২১ সালের সেপ্টেম্বরের পর ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো গড়িয়েছে ঘরোয়া ফুটবল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। মঙ্গলবার বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন আনুমানিক ৫০০ দর্শক।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফর্টিস। তবে গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে আসা বল রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে বিপদমুক্ত করতে চাইলে বক্সের বাইরে বল পেয়ে যান আরিক বিস্তা। নেপালের এই মিডফিল্ডার দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে ফর্টিসকে এগিয়ে নেন।
বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ফর্টিস। ৬৩ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় তারা। পা ওমর বাবুর বাঁকানো শট রহমতগঞ্জের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০।
ম্যাচে ফেরার চেষ্টা করেও ফর্টিসের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি পুরান ঢাকার দল রহমতগঞ্জ। উল্টো যোগ করা সময়ে আরো একবার গোল করে ফর্টিস। ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা ষষ্ঠ মিনিটে পা ওমর বাবুর নিখুঁত পাস থেকে গোল করেন স্টিফেন চুকউদে। তাতে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ফর্টিসের।
জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই এমন দাপুটে জয় পেয়েছে দলটি। অন্যদিকে, টানা হারের বৃত্তে থাকা রহমতগঞ্জ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে চাপে পড়েছে।
এদিকে, ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচের ৫১ মিনিটে শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় আবাহনী। ৮৭ মিনিটে আল আমিনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
অন্য ম্যাচে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ম্যাচের ৮৮ মিনিটে জাফর ইকবালের করা একমাত্র গোলটি জয় এনে দেয় দলকে। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম সিটি এফসি।
সানা/আপ্র/২৪/১১/২০২৬