গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ডের ঝড় বৈভবের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ডের ঝড় বৈভবের
ছবি

ইতিহাস গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে একের পর এক রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ওপেনার। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডবুকে নতুন অধ্যায় লিখেছেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা, যা এই শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই কীর্তি গড়েন বৈভব। আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। এ সময় দলটির উইকেট পড়ে মাত্র তিনটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে শতরান করেছিলেন তিনি। এবার দুজনকেই ছাড়িয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। পেশাদার ক্রিকেটে এর আগে ৩২, ৩৫ ও ৩৬ বলে সেঞ্চুরি করার কৃতিত্বও রয়েছে তাঁর।

এরপর আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই তরুণ। মাত্র ৪০ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের আগের রেকর্ডটিও ছিল তাঁর নিজের। গত বছর ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৯ বলে দেড়শ রান করেছিলেন বৈভব। এবার নিজের সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন।

ডাবল সেঞ্চুরির ক্ষেত্রেও প্রতিপক্ষকে বহু পেছনে ফেলেছেন এই বিস্ময়বালক। মাত্র ৫২ বলে দুইশ রান পূর্ণ করেন তিনি। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। দুই বছর আগে ১০৩ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন বৈভব। ২০৪ রানের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকান তিনি। এর আগে পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৬টি। ভারতের তন্ময় আগারওয়াল এই কৃতিত্ব দেখিয়েছিলেন। আর ৫০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের। বৈভব এক ইনিংসেই সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন।

শুধু রান ও ছক্কার সংখ্যায় নয়, স্ট্রাইক রেটেও নতুন ইতিহাস গড়েছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। তাঁর ৩৩৮.৬৩ স্ট্রাইক রেট ছাড়িয়ে বৈভব ব্যাট করেছেন ৩৮৪.৯০ স্ট্রাইক রেটে।

বৈভবের ঝোড়ো ইনিংসে ভর করে দুইশর বেশি রানের লক্ষ্য তাড়ায় দ্রুততম জয়ের রেকর্ডও গড়েছে ভারত ‘এ’। ম্যাচে দলটি মোট ৩১টি ছক্কা মেরেছে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিহার। গত বছর অরুণাচল প্রদেশের বিপক্ষে তারা ৩৮টি ছক্কা মেরেছিল। সেই ইনিংসেও বৈভবের অবদান ছিল ১৫টি ছক্কা।

মাত্র ১৬ ইনিংসেই লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বৈভবের দ্বিতীয় সেঞ্চুরি। বয়সের তুলনায় তাঁর এই ধারাবাহিক সাফল্য ও রেকর্ডভাঙা ব্যাটিং ইতিমধ্যে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়
২৪ নভেম্বর ২০২৬

জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচে ফর্টিসের দাপুটে জয়

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। সংস্কারকাজ শেষে এই মাঠে ঘরোয়া ফুটবলের প...

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
২৪ নভেম্বর ২০২৬

‘পা ভাঙা পর্যন্ত ফাউল করবেন না’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেই...

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস
২৪ নভেম্বর ২০২৬

এমএলএসের বর্ষসেরা তরুণ কাভান, গড়লেন ইতিহাস

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। যুক্তরাষ্ট্রের মেজর...

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই
২৪ নভেম্বর ২০২৬

ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল আর নেই

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই