গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সান্তোস অধিনায়ক নেইমার। ম্যাচজুড়ে বারবার ফাউলের শিকার হলেও প্রতিপক্ষের খেলোয়াড়দের হলুদ কার্ড না দেখানো এবং পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। রেফারির উদ্দেশে তাঁর ক্ষুব্ধ প্রশ্ন, আর কত ফাউলের শিকার হলে বাঁশি বাজাবেন তিনি? পা ভেঙে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কি?
গত সোমবার (২৩ নভেম্বর) রাতে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে ব্রাসিলেইরাওয়ের ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রেমিওর মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচে ২-০ গোলে হেরে যায় নেইমারের দল। খেলা শেষে রেফারি রামোন আবাতি আবেলের সিদ্ধান্তের সমালোচনা করেন সান্তোস অধিনায়ক।
নেইমারের দাবি, প্রথমার্ধেই তিনি ১০ বারের বেশি ফাউলের শিকার হয়েছেন। অথচ প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাননি রেফারি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, রেফারি গ্রেমিও যা চেয়েছে, তা-ই করেছেন। তিনি কোনো হলুদ কার্ড দেখাননি। ভুল না করলে প্রথমার্ধেই আমি ১০টির বেশি ফাউলের শিকার হয়েছি। এটা অগ্রহণযোগ্য। আর কত ফাউল হতে হবে? যতক্ষণ না আমার পা ভেঙে যায়!’
রেফারির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নেইমার আরো বলেন, ‘আমি এখানে ড্রিবল করছি, প্রতিপক্ষ আমাকে টেনে ধরছে, আঘাত করছে, অথচ সেগুলো ফাউল হিসেবে বিবেচিত হচ্ছে না। আমি দক্ষ এবং খেলোয়াড়দের কাটিয়ে যেতে পারি বলেই কি তারা বাড়তি সুবিধা পাবে? তারা ফাউল করলে রেফারি কি তা ধরবেন না? আবাতি আজ খুব বাজে রেফারিং করেছেন। ভীষণ বাজে! এতে আমাদের দলের ক্ষতি হয়েছে।’
তবে শুধু রেফারির সিদ্ধান্তকেই হারের কারণ হিসেবে দেখেননি নেইমার। দলের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন তিনি। তাঁর মতে, ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের হাতে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দল।
নেইমার বলেন, ‘এটি খুব বাজে একটি ফলাফল। গ্রেমিওর কাছে হারব, তা আমরা মোটেও আশা করিনি। বরং এটি নিশ্চিত জয়ের ম্যাচ ছিল। কিন্তু আমরা গ্রেমিওকে সুযোগ দিয়েছি। তারা প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে এবং খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আমার মনে হয়, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। আমরা গোলের যোগ্য ছিলাম। কিন্তু কিছু দিন এমন যায়, যখন বল জালে ঢুকতেই চায় না।’
নিজেদের ভুলের বিষয়টিও তুলে ধরেছেন সান্তোস অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। ম্যাচে তিনটি ভুল করেছি এবং তারা সেগুলোর সুযোগ নিয়েছে। আমরা আগেই জানতাম, এটাই তাদের খেলার পরিকল্পনা। তারপরও তাদের এগিয়ে যাওয়ার ও গোল করার সুযোগ করে দিয়েছি।’
এই হারের পর ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে সান্তোস। আগামী রোববার (২৯ নভেম্বর) সালভাদরের বারাদাও স্টেডিয়ামে ভিটোরিয়ার মুখোমুখি হবে নেইমারের দল।
সানা/আপ্র/২৪/১১/২০২৬