ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’। উৎসবের ৩২তম আসরের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে লড়বে সিনেমাটি। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এর আগে আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’। ফলে ভারতের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমাটির অংশগ্রহণ দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য আনন্দের খবর।
একই কলকাতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। কবির জীবনের বড় একটি সময় কেটেছে কলকাতায়। ফলে তাঁর সাহিত্য ও স্মৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এই শহরে সিনেমাটির প্রদর্শনীকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্মাতা।
এ প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তাঁদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাই সেখানে ছবিটি প্রদর্শনের অনুভূতিও আলাদা। চলচ্চিত্রের পর্দায় তাঁরা যেভাবে বনলতা সেনকে তুলে ধরেছেন, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এবারের কলকাতা উৎসবের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ‘বনলতা সেন’ ছাড়াও এ বিভাগে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত একাধিক সিনেমা। এশিয়ার স্বতন্ত্র ধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে এসব সিনেমার পরিচিতি বাড়ানোর লক্ষ্যে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।
রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত সিনেমাটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।
ছবিতে রয়েছে দুটি গান। ‘এখানে কেউ নেই’ গানটির কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। সূত্র: কেআই
সানা/আপ্র/২৪/১১/২০২৬