কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য আগামী এক বছরের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও নীতিভিত্তিক বহুপক্ষীয় কাঠামো প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
গত সোমবার (২৩ নভেম্বর) ক্যারিবীয় দেশ বারবাডোজে ‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’ শীর্ষক সম্মেলনে এ আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন, সদস্য দেশগুলোর উচিত নিজেদের উদ্যোগের মধ্যে সমন্বয় করে এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনায় একটি বৈশ্বিক কাঠামো গড়ে তোলা।
জাতিসংঘ মহাসচিব বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠানগুলো এখনো মূলত ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও বিশ্ব বাণিজ্যব্যবস্থার ক্ষেত্রেও এ সংস্কার জরুরি।
আগামী ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দায়িত্ব ছাড়ার আগে এআই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে ক্রমেই সোচ্চার হয়ে উঠেছেন তিনি। ভবিষ্যতে ‘খুনি রোবট’ তৈরির আশঙ্কার কথাও আলোচনায় এসেছে।
নিজের উত্তরসূরির উদ্দেশে গুতেরেস বলেন, মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে এআইয়ের যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য।
এআই নিয়ে প্রতিযোগিতা: আন্তর্জাতিক পর্যায়ে এআই নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে ওঠার পথ এখনো বেশ দীর্ঘ। কারণ, এ প্রযুক্তির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা ও উন্নয়নে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত।
তবে গুতেরেস মনে করেন, দেশগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা, পরীক্ষার পদ্ধতি এবং স্বাধীন তদারকির মৌলিক শর্ত নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হতে পারে।
চলতি বছরের সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি উদ্যোক্তারা এআইয়ের উন্নয়ন অব্যাহত রাখার পক্ষে।
বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে এআই প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এ ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা এখনই কম বলে মনে করা হচ্ছে।
এর মধ্যেই গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এআই নিরাপত্তা বিষয়ে একটি স্বেচ্ছামূলক আচরণবিধি মেনে চলতে সম্মত হন নির্বাহীরা। সূত্র: আল জাজিরা
সানা/আপ্র/২৪/১১/২০২৬