গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

শূকরের কিডনিতে এক বছর পার, নতুন রেকর্ড মার্কিন নারীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
শূকরের কিডনিতে এক বছর পার, নতুন রেকর্ড মার্কিন নারীর
ছবি

শূকরের কিডনি প্রতিস্থাপনের সুযোগটি মলি ফ্যালকোকে নতুন আশার আলো দেখায় -ছবি ইউনিল্যাডটেক

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর ধরে বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ৫৮ বছর বয়সী নারী মলি ফ্যালকো। এর মাধ্যমে মানুষের শরীরে অন্য প্রাণীর কিডনি প্রতিস্থাপনের পর দীর্ঘতম সময় বেঁচে থাকার নতুন রেকর্ড গড়েছেন তিনি। চিকিৎসাবিজ্ঞানে এ অর্জন ভিন্ন প্রজাতির প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের সম্ভাবনাকে আরো জোরালো করেছে।

২০২৫ সালের নভেম্বরে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চতুর্থ ব্যক্তি হিসেবে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করান ফ্যালকো। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এক বছর পার করার ঘটনা দান করা মানব কিডনির সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউএমইউআরকে ফ্যালকো বলেন, “পুরো বিষয়টি এখনো আমার কাছে ঠিক বিশ্বাস হচ্ছে না। এটি যেমন সম্মানের, তেমনি বিজ্ঞানের জন্যও অত্যন্ত দারুণ এবং রোমাঞ্চকর একটি বিষয়।”

চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক: মানবদেহের সঙ্গে আরো বেশি সামঞ্জস্যপূর্ণ করে তুলতে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা শূকরের কিডনিটির জিনগত পরিবর্তন করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, ফ্যালকোর এক বছর ধরে সুস্থভাবে বেঁচে থাকা এ গবেষণার জন্য বড় অগ্রগতি। ভবিষ্যতে জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের পথ এতে আরো প্রশস্ত হতে পারে।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণা বিভাগের পরিচালক ড. লিওনার্দো রিয়েলা বলেন, “এটি আমাদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস জোগাচ্ছে যে এমনটি বাস্তবায়নযোগ্য, এই কিডনিগুলো কাজ করতে পারে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “এখনই বিজয়োল্লাস করার সময় আসেনি।”

ড. রিয়েলা জানান, প্রতিস্থাপিত কিডনিটি শুধু শরীরের বিষাক্ত পদার্থ পরিশোধন ও মূত্র উৎপাদন করছে না, তরল ও খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখাসহ মানব কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করছে। চিকিৎসকদের আশা, ফ্যালকো এই কিডনি নিয়ে আরো অন্তত এক বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।

আগের প্রতিস্থাপনগুলোর অভিজ্ঞতা: চিকিৎসাবিজ্ঞানে ভিন্ন প্রজাতির প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন। ২০২৪ সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম সেন্টার বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করে। ডব্লিউসিভিবির তথ্য অনুযায়ী, প্রথম গ্রহীতা রিক স্লেম্যান অস্ত্রোপচারের পর ৫২ দিন বেঁচে ছিলেন। পরে হৃদ্রোগজনিত ভিন্ন একটি জটিলতায় তাঁর মৃত্যু হয়।

২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। কিডনিটি ২৭১ দিন সচল ছিল। পরে চিকিৎসকেরা সেটি সরিয়ে এক মৃত মানবদাতার কিডনি তাঁর শরীরে প্রতিস্থাপন করেন।

পরীক্ষামূলক এই প্রতিস্থাপনের চতুর্থ রোগী ছিলেন মলি ফ্যালকো। জন্মগত শারীরিক জটিলতার কারণে পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পর তাঁর কিডনি বিকল হতে শুরু করে। এক বছর ধরে তাঁকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়েছিল।

ফ্যালকো বলেন, “আমি যখন ডায়ালাইসিস শুরু করি, তখন আমার একমাত্র চাওয়া ছিল যত দ্রুত সম্ভব এই ডায়ালাইসিস থেকে মুক্তি পাওয়া।”

শূকরের কিডনি প্রতিস্থাপনের সুযোগ পেয়ে তিনি নতুন আশার সন্ধান পান। তাঁর ভাষায়, “সত্যি বলতে, আমি যেকোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত ছিলাম। আমার মধ্যে কোনো ভয়, স্নায়বিক চাপ বা অনুশোচনা ছিল না। ডাক্তার প্রশ্নটি পুরোপুরি শেষ করার আগেই আমি কার্যত হ্যাঁ বলে দিয়েছিলাম।”

ডায়ালাইসিসমুক্ত জীবন: প্রতিস্থাপনের এক বছর পর এখন ডায়ালাইসিস ছাড়াই জীবন কাটাচ্ছেন ফ্যালকো। যদিও তিনি সহজেই ক্লান্ত হয়ে পড়েন, তবু পরিবারের জন্য রান্না করা কিংবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার মতো শক্তি ফিরে পেয়েছেন।

ফ্যালকো বলেন, “এটি যে এখনো কাজ করছে, তা ভেবে আমি প্রতিদিনই অবাক হই। আমি যতদিন সম্ভব এটিকে সচল রাখার চেষ্টা করব, আর এটি যদি সারাজীবন টিকে থাকে, তবে তা হবে অবিশ্বাস্য এক ব্যাপার।”

তাঁর এই অভিজ্ঞতা অঙ্গদানের সংকট মোকাবিলায় জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ ব্যবহারের গবেষণায় নতুন আশার সঞ্চার করেছে। তবে এ পদ্ধতির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরো গবেষণা প্রয়োজন।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট, ন্যাটোর হুঁশিয়ারি

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারম...

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী
২৪ নভেম্বর ২০২৬

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হন পাঁচ নারী

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যাক...

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের
২৪ নভেম্বর ২০২৬

ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থাপনা গড়ে তুলতে বিশ্বনেতাদের প্...

আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১
২৪ নভেম্বর ২০২৬

আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই