গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের
ছবি

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভা শেষে ব্রিফিংয়ের ছবি সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। বৈঠকে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে বোর্ড চেয়ারম্যান জানান, মালিকপক্ষের প্রস্তাব কয়েক দফায় বেড়েছে। প্রথমে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা, পরে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব এখনো চূড়ান্ত নয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় মজুরি বোর্ডের ছয় সদস্যের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই দিন মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হলেও শ্রমিক ও মালিকপক্ষের দাবির মধ্যে বড় ব্যবধান থাকায় আলোচনা শেষ করা সম্ভব হয়নি। এ কারণে মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, বর্তমানে ২০২৩ সালের নির্ধারিত মজুরি কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ১৫ হাজার ৫৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি কার্যকর রয়েছে।

সর্বশেষ আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের ব্যবধান তুলে ধরে তিনি জানান, প্রথম গ্রেডে শ্রমিকপক্ষের প্রাথমিক দাবি ছিল ৪৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করেছিল ১৭ হাজার ৮৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকদের দাবি ছিল ৪৩ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৬ হাজার ৯৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকদের দাবি ৩৮ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ১৬ হাজার ১১০ টাকা এবং চতুর্থ গ্রেডে শ্রমিকদের দাবি ৩২ হাজার টাকা, মালিকদের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা।

দ্বিতীয় দফার আলোচনায় শ্রমিকপক্ষ প্রথম গ্রেডে ৪০ হাজার, দ্বিতীয় গ্রেডে ৩৫ হাজার, তৃতীয় গ্রেডে ৩৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ২৫ হাজার টাকা প্রস্তাব করে। অন্যদিকে মালিকপক্ষ যথাক্রমে ১৮ হাজার ১৫০, ১৭ হাজার ২৫০, ১৬ হাজার ৬৫০ এবং ১৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব দেয়।

সর্বশেষ তৃতীয় দফায় শ্রমিকপক্ষ প্রথম গ্রেডে ৩৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার, তৃতীয় গ্রেডে ২৭ হাজার এবং চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। এর বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব যথাক্রমে ১৮ হাজার ৮২৮, ১৭ হাজার ৮৮৭, ১৬ হাজার ৯৯৬ এবং ১৫ হাজার ৭০০ টাকা।

চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি, শ্রমিকদের জীবনযাত্রার মান, তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকপক্ষের সক্ষমতা এবং সামগ্রিকভাবে পোশাকশিল্পের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সর্বশেষ প্রস্তাবও চূড়ান্ত নয় এবং কোনো অবস্থাতেই এটিকে চূড়ান্তভাবে গ্রহণ করা হচ্ছে না।

সোমবারের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

মজুরি বাড়ানোর দাবিতে অসন্তোষ: বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। পরে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল বিজিএমইএ। কিন্তু ওই সভা স্থগিত হওয়ায় শিল্পাঞ্চলে আবারো অস্থিরতা দেখা দেয়।

স্থগিত হওয়া সভার আলোচনা সোমবার শুরু হলেও দুই পক্ষের প্রস্তাবের বড় ব্যবধানের কারণে তা শেষ করা যায়নি। মঙ্গলবারও আলোচনা অব্যাহত রয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশ্রমিকরা।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ
২৪ নভেম্বর ২০২৬

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ

দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২...

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
২৩ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ব্যাংকঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না খেলাপি ঋণ। বরং...

হালদা পাড়ের মিষ্টি মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
২৩ নভেম্বর ২০২৬

হালদা পাড়ের মিষ্টি মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বছরের পর বছর ধরে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরি...

টানা কমার পর বাড়লো সোনার দাম
২৩ নভেম্বর ২০২৬

টানা কমার পর বাড়লো সোনার দাম

টানা দাম কমার পর দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই