প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বছরের পর বছর ধরে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচের চাষ করছেন উত্তর চট্টগ্রামের স্থানীয় কৃষকেরা। তুলনামূলক কম ঝাল ও বিশেষ ঘ্রাণের কারণে এ মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে। দেশের গণ্ডি পেরিয়ে এর সুনাম ছড়িয়েছে বিদেশেও। হাটহাজারীর ঐতিহ্যবাহী এ মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
মিষ্টি মরিচ বলতে স্বাদে মিষ্টি বোঝায় না। মূলত মরিচটির অসাধারণ মিষ্টি ঘ্রাণের কারণেই এর নাম হয়েছে মিষ্টি মরিচ। এটি কম ঝালযুক্ত এবং সুগন্ধি একধরনের মরিচ।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমল থেকেই হাটহাজারীর মিষ্টি মরিচ গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে বেশ জনপ্রিয়। তরকারি রান্নায় এর স্বাদ, ঘ্রাণ ও রঙের কারণে সুনাম ছড়িয়ে পড়েছে। রং, ঘ্রাণ ও স্বাদের ভিন্নতার জন্য মরিচটি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, মিষ্টি মরিচের বিশেষত্ব এর স্বাদগত মিষ্টিতে নয়, বরং অসাধারণ ঘ্রাণে। আকর্ষণীয় রং ও সুগন্ধের কারণে স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের বাইরেও এ মরিচের কদর বেড়েছে।
চাষ হয় কয়েকশ একর জমিতে
হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারা এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর পাড় ও চরে কয়েকশ একর জমিতে এ মরিচের চাষ হয়। প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে থাকলে কৃষকেরা প্রতি মৌসুমে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করেন।
এক ফসলের মরিচ চাষের শুরুতে কৃষকদের ২০ থেকে ৩০ হাজার টাকার মতো ব্যয় হয়। তবে তাঁরা এর দ্বিগুণ লাভ করেন বলে জানা গেছে। হাটহাজারীর এ মরিচের আরেকটি বিশেষত্ব হলো, কাঁচা মরিচ দিয়ে তৈরি চাটনি ও সালাদের স্বাদ-ঘ্রাণ অতুলনীয়। শুকনো অবস্থায় মরিচের রং আকর্ষণীয় লাল এবং কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়।
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় চাষ হয় বলে এ মরিচ ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।
মাটির বৈশিষ্ট্য
হালদা নদীর তীরবর্তী জৈব পদার্থসমৃদ্ধ ও পানি নিষ্কাশনের উপযোগী দোআঁশ মাটিতে মিষ্টি মরিচ ভালো জন্মে।
হালদা মরিচের বিশেষত্ব
১. টকটকে কালচে লাল রং ও মিষ্টি সুঘ্রাণযুক্ত।
২. ঝাল তুলনামূলক কম।
৩. মরিচের আকার ২ দশমিক ৫ থেকে ৪ ইঞ্চি।
৪. আকারে মোটাসোটা ও খোসা পাতলা।
৫. গাছের উচ্চতা ৩ দশমিক ৫ থেকে ৪ ফুট।
৬. প্রতি গাছে ৫০ থেকে ৮০টি মরিচ ধরে।
৭. আয়ুষ্কাল ১২০ থেকে ১৩০ দিন।
৮. হেক্টরপ্রতি ফলন ১ দশমিক ৫ থেকে ২ মেট্রিক টন।
৯. আবাদ মৌসুম রবি।
অন্যান্য মরিচের চেয়ে দাম বেশি
বাজারে চাহিদা অনুযায়ী হালদা মরিচের দাম কেজিপ্রতি ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুমভেদে এবং দেশি ও অন্যান্য মরিচের তুলনায় এর দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
স্থানীয় কৃষকেরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি ও এখানকার জলবায়ুতে এ মরিচের চাষ হয় বলে ফলন ভালো হয় এবং মরিচের গুণাগুণও বজায় থাকে। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও এ জাতের মরিচ চাষ করা হয়। ওই দুই উপজেলায় একই বীজের মরিচ উৎপাদিত হলেও হাটহাজারীর মরিচের কদর বেশি। এ মরিচ কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন।
কোথায় পাবেন হালদা পাড়ের মিষ্টি মরিচ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় ‘মরিচহাটার গলি’তে প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটহাজারীর মরিচ বিক্রি হয়। অন্যান্য মরিচের তুলনায় এর দাম প্রায় দ্বিগুণ হলেও ক্রেতাদের কাছে চাহিদা বেশি।
শীত মৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এ মিষ্টি মরিচের চারা কেনার অপেক্ষায় থাকেন। মৌসুমে পার্শ্ববর্তী ফটিকছড়ি, রাউজানসহ বিভিন্ন অঞ্চলের কৃষকেরা মিষ্টি মরিচের বীজ ও চারা কিনতে এ বাজারে ভিড় করেন।
আবাদ দ্বিগুণ করতে কৃষি অফিসের সুপারিশ
হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার হালদা নদীর তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে হালদা মরিচের আবাদ হয়ে আসছে। কৃষকেরা নিজেরাই বীজ উৎপাদন ও সংরক্ষণ করায় দীর্ঘমেয়াদে এ জাতের মাতৃগুণাগুণ ও বালাইয়ের বিরুদ্ধে সহনশীলতা ক্রমশ কমে আসছে। ফলে এ মরিচের আবাদে কৃষকদের আগ্রহও কমছে।
এ কারণে অনেক কৃষক হাইব্রিড মরিচ চাষের দিকে ঝুঁকছেন। দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ এখন ঝুঁকির মুখে। এ জাতের আবাদ বাড়াতে উপজেলা কৃষি অফিস কয়েকটি সমন্বিত পদক্ষেপের সুপারিশ করেছে। সেগুলো হলো—
- হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ এবং উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করা।
- বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া।
- মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা। মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের বিশেষ প্রণোদনা দেওয়া।
- স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে হালদা মরিচ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা। এ মরিচকে ব্র্যান্ডিং করে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের ব্যবস্থা এবং বাজার সৃষ্টিতে কার্যক্রম নেওয়া।
- কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক দল’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা দেওয়া।
- হালদা মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া।
কৃষকেরা যা বলছেন
পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বাজারের তুলনায় হাটহাজারী বাজারে এ মরিচ সুলভ মূল্যে পাওয়া যায়। এ মরিচ কিনতে হাটহাজারীসহ বিভিন্ন এলাকার ক্রেতারা ‘মরিচহাটার গলি’তে ভিড় করেন।
তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচ পরিচয়ে যে মরিচ বাজারজাত করছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আলমগীর বলেন, এসব কোম্পানি কখনো তাঁদের কাছ থেকে মরিচ কেনে না। তাহলে কোম্পানিগুলোর মরিচ কীভাবে হাটহাজারীর মরিচ হিসেবে বিক্রি হয়, তা প্রশ্নসাপেক্ষ।
হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্যপ্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম বলেন, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের চেয়ে হাটহাজারীর মরিচের দাম অন্তত ২০০ টাকা বেশি। এ মরিচ আমরা নিজেদের তরকারি রান্নায় ব্যবহারের পাশাপাশি দেশের বাইরে থাকা প্রিয়জনদের কাছেও পাঠাই। এ জন্য মরিচ গুঁড়া করে ক্রসিং মিলের মাধ্যমে পাঠানো হয়।’
আবাদ বাড়াতে কাজ শুরু করেছে কৃষি অফিস
এ বিষয়ে হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বাড়াতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে কার্যক্রম শুরু হয়েছে। এসব জমিতে নিবিড় পরিচর্যা ও তদারকি করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করা যায়। পাশাপাশি এ মরিচের চাষাবাদে অন্য কৃষকদেরও উৎসাহিত করা যায়।
এসি/আপ্র/২৩/১১/২০২৬