চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি, গলাব্যথা ও অ্যালার্জির সমস্যায় ভুগছেন অনেকে। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের ভোগান্তি আরও বেশি।
শীতের শুরুতেই অনেকের শুকনো কাশি সহজে সারতে চায় না। কারও নাক দিয়ে অনবরত পানি পড়ে, আবার কারও হাঁচি শুরু হলে থামতেই চায় না। পরিবেশদূষণের কারণে অ্যালার্জির সমস্যাও দিন দিন বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।
এমন পরিস্থিতিতে সর্দি-কাশির অস্বস্তি কমাতে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে ভেষজ চা পান করলে কিছুটা আরাম মিলতে পারে। তবে দুধ-চিনি দেওয়া মালাই চা কিংবা কড়া লিকার নয়, কয়েক ধরনের ভেষজ চা গলাব্যথা, কাশি ও অ্যালার্জির কিছু উপসর্গ উপশমে সহায়ক হতে পারে। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের জন্য এসব চা উপকারী হতে পারে।
তবে মনে রাখতে হবে, এসব চা সর্দি-কাশি বা নিউমোনিয়ার চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
যে তিন ভেষজ চা পান করতে পারেন
১. অপরাজিতা ফুলের নীল চা
উপকরণ: ৮ থেকে ১০টি শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল, দেড় কাপ পানি, সামান্য লেবুর রস ও স্বাদমতো মধু।
প্রস্তুত প্রণালি: পানি ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিন। ২ থেকে ৩ মিনিট রেখে ফুলের রং পানিতে মিশে গেলে ছেঁকে নিন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন। এতে নীল রং বদলে বেগনি আভা তৈরি হবে। পান করার আগে মধু মিশিয়ে নিন।
২. লেমনগ্রাস, আদা ও গ্রিন টি
উপকরণ:এক চা-চামচ গ্রিন টি পাতা, একটি থেঁতো করা লেমনগ্রাস বা লেবু পাতার ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ পানি।
প্রস্তুত প্রণালি:পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও আদা দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। এরপর গ্রিন টি পাতা দিয়ে ১ থেকে ২ মিনিট ভিজিয়ে রাখুন। সবশেষে ছেঁকে পান করুন।
৩. গোলাপের পাপড়ি ও এলাচের চা
উপকরণ: এক মুঠো শুকনো বা তাজা গোলাপের পাপড়ি, দুটি থেঁতো করা ছোট এলাচ, সামান্য চা পাতা (ঐচ্ছিক), এক টুকরা দারুচিনি ও দুই কাপ পানি।
প্রস্তুত প্রণালি: গরম পানিতে এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। পানির রং বদলে গেলে তাতে গোলাপের পাপড়ি দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে সামান্য মধু মিশিয়ে পান করুন। এ ধরনের চায়ে আলাদা করে চিনি মেশানোর প্রয়োজন নেই।
এসি/আপ্র/২৩/১১/২০২৬