মস্তিষ্কের টিউমার ও ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি লন্ডনে মেয়ের বাসায় গিয়ে দীর্ঘদিনের সহকর্মীকে দেখে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানান এই অভিনেত্রী।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে রোজিনা লিখেছেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য তিনি লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তাঁরা।
রোজিনা লেখেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন। এ সময় ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
২০২৫ সালের এপ্রিল থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটির অবস্থান অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় চিকিৎসকেরা পুরোটা অপসারণ করতে পারেননি। পরে বায়োপসি ও অন্যান্য পরীক্ষায় তাঁর ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
অস্ত্রোপচারের পর তাঁকে তিন মাসের বেশি সময় কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিতে হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে শারীরিক দুর্বলতাও দেখা দেয়। স্বাভাবিকভাবে কথা বলার ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হয়।
ইলিয়াস কাঞ্চনের ছোট ছেলে ও নিরাপদ সড়ক চাই সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এর আগে জানিয়েছিলেন, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্নায়ুসংযোগের কাছে টিউমারটির অবস্থান হওয়ায় পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের সময় সম্পূর্ণ টিউমার অপসারণের চেষ্টা করলে বাকশক্তি হারানো কিংবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল।
এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরশাদ কিছুদিন আগে জানিয়েছিলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা অনেকটাই উন্নত ও স্থিতিশীল। মাঝে কিছুটা অসুস্থতা দেখা দিলেও চিকিৎসকেরা ওষুধ পরিবর্তন করার পর তাঁর অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকেরা এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন। প্রয়োজন বিবেচনায় তাঁকে ইমিউনোথেরাপি দেওয়া হতে পারে। তবে আপাতত ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে।
চিকিৎসার এক পর্যায়ে গত ৩ আগস্ট ১০ দিনের জন্য দেশে ফিরেছিলেন এই অভিনেতা। ১২ আগস্ট আবারো চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান। নিরাপদ সড়ক চাই আন্দোলনের একটি অনুষ্ঠানেও অংশ নেন। কাকরাইলে সংগঠনটির কার্যালয়ে যাওয়ার পাশাপাশি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের গ্রামের বাড়িতেও গিয়েছিলেন তিনি।
১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে কয়েকশ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্র তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন শুরু করেন তিনি। পরে গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে তাঁর এই সামাজিক উদ্যোগ দেশজুড়ে পরিচিতি পেয়েছে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬