নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় যান। এ সময় কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করেছে। কনস্টেবল আনোয়ারের ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬