গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:০৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে
ছবি

এআই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতেও বিপজ্জনক অস্ত্র হয়ে উঠতে পারে -ছবি রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে সাইবার নিরাপত্তার প্রচলিত হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। বছরের পর বছর ধরে ডিজিটাল ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা সফটওয়্যারের দুর্বলতা এখন সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে একদিকে নিরাপত্তা ত্রুটি দ্রুত চিহ্নিত ও সমাধানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে একই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতেও ভয়ংকর অস্ত্র হয়ে উঠছে। ফলে ভবিষ্যতে বড় ধরনের প্রযুক্তি বিপর্যয় আরো ঘন ঘন ঘটতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তা গবেষক পলস ইয়েবেলোর একটি অনুসন্ধানে বিষয়টি নতুন করে সামনে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তিনি এমন একটি সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন, যা ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা ও প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ‘আপলোড টু শেল’ নামের এই দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা শুধু একটি বিশেষভাবে তৈরি ফাইল আপলোড করেই গুগল, জুমসহ হাজারো প্রতিষ্ঠানের সফটওয়্যারে অনুপ্রবেশের সুযোগ পেতে পারতেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েবেলো সম্প্রতি পিডব্লিউএন এআই নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন অনলাইন সেবায় ব্যবহারকারীরা ফাইল আপলোড করার পর পর্দার আড়ালে কী ধরনের প্রক্রিয়া চলে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরীক্ষা করতে গিয়ে তিনি এ দুর্বলতা খুঁজে পান।

তাঁর অনুসন্ধানে দেখা যায়, প্রায় ৩৮ বছর আগে তৈরি গাউস্টস্ক্রিপ্ট নামের একটি সফটওয়্যার ব্যবহার করে এ ধরনের সাইবার হামলা চালানো সম্ভব। সফটওয়্যারটি মূলত ছবি এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তরের কাজে ব্যবহৃত হয়। বিশেষভাবে তৈরি ফন্ট যুক্ত ফাইল আপলোডের মাধ্যমে এর দুর্বলতা কাজে লাগিয়ে ক্ষতিকর কম্পিউটার কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে।

বিষয়টি গাউস্টস্ক্রিপ্টের নির্মাতা প্রতিষ্ঠান আর্টিফেক্স এবং আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে জানান ইয়েবেলো। পরে নিরাপত্তা ত্রুটি দূর করতে সংশ্লিষ্ট সফটওয়্যারের সংশোধনী প্রকাশ করা হয়।

দৈনন্দিন জীবনেও পড়ছে প্রযুক্তি বিপর্যয়ের প্রভাব: বিশেষজ্ঞদের মতে, মাত্র কয়েক মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি সাইবার নিরাপত্তার পরিস্থিতিতে বড় পরিবর্তন এনেছে। ডিজিটাল ব্যবস্থার এমন অনেক দুর্বলতা সামনে আসছে, যেগুলো বছরের পর বছর অজানা ছিল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা, নিরাপত্তা প্রকৌশলী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে বড় ধরনের প্রযুক্তি বিপর্যয়ের ঝুঁকি বাড়বে।

এর প্রভাব ইতোমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে। কোথাও ইমেইল সেবা বন্ধ হচ্ছে, কোথাও উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব। যুক্তরাষ্ট্রে ব্যাপক ইন্টারনেট বিপর্যয়, ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়া কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার আশঙ্কা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে।

তবে সাম্প্রতিক সব প্রযুক্তি বিভ্রাটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ নেই। কোনো ডিজিটাল সেবা বন্ধ হওয়ার পেছনে সাইবার হামলা, নাকি সাধারণ সফটওয়্যার ত্রুটি দায়ী, তা সাধারণ ব্যবহারকারীদের পক্ষে বোঝাও কঠিন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা হলে ব্যক্তিগত সঞ্চয়, এমনকি অবসরকালীন সঞ্চয়ও ঝুঁকিতে পড়তে পারে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তি বিভ্রাট: গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যাংকের লেনদেন ধীর হয়ে যাওয়া, মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ব্যবহারে সমস্যা, অ্যাপলের সেবা বিঘ্নিত হওয়া এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা রয়েছে। এ ছাড়া দেশটিতে সব বাণিজ্যিক উড়োজাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

তবে এসব ঘটনার পেছনে সাইবার হামলা ছিল, এমন কোনো প্রমাণ পাওয়ার কথা জানাননি কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, জাতীয় পর্যায়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনা ছাড়া অন্য কয়েকটি প্রযুক্তি বিভ্রাটের পেছনে অপেক্ষাকৃত সাধারণ কারণ থাকার সম্ভাবনাই বেশি।

নতুন নিরাপত্তা দুর্বলতা মোকাবিলায় বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থা নিজেদের ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সফটওয়্যারের ত্রুটি সংশোধনে নিয়মিত প্যাচ বা হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হচ্ছে। কিন্তু এসব সংশোধনী কার্যকর করতে গিয়েও কখনো কখনো নতুন সমস্যা তৈরি হচ্ছে। ফলে কিছু ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক দশক ধরে জমে থাকা সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আগের তুলনায় অনেক দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এটি সাইবার নিরাপত্তা জোরদারের বড় সুযোগ তৈরি করলেও একই সঙ্গে বিপজ্জনক ঝুঁকিও বাড়াচ্ছে। কারণ, যে প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বিশেষজ্ঞরা দুর্বলতা খুঁজে বের করছেন, একই প্রযুক্তি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরাও বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আগামী দিনের চ্যালেঞ্জ শুধু নতুন সাইবার হামলা ঠেকানো নয়; বরং বহু বছর ধরে ব্যবহৃত সফটওয়্যার, ডিজিটাল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সেবার অজানা দুর্বলতাগুলো দ্রুত শনাক্ত করে সেগুলো নিরাপদ করা। অন্যথায় ছোট একটি ত্রুটিও বড় ধরনের প্রযুক্তি বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। সূত্র: নিউইয়র্ক টাইমস
সানা/আপ্র/২৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা
২২ নভেম্বর ২০২৬

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা

চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানে আলু চাষের পরীক্ষায় সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বস...

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!
২২ নভেম্বর ২০২৬

সোনায় কেন কখনো মরিচা পড়ে না!

লোহার তৈরি কোনো জিনিস কিছুদিন বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে থাকলে তাতে লালচে-বাদামি আস্তরণ পড়ে। একে মর...

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা
২১ নভেম্বর ২০২৬

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা

মাত্র দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি ১৯ নভেম্বর পৃথিবীর কাছাক...

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি
১৭ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি

কয়েক মাস আগে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন, সার্ভারের সক্ষমতা কমে যাওয়া এবং অস্বাভাবিক মাত্রায় তথ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই