গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো নিয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান, যার মাধ্যমে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি। তবে তাঁর প্রশাসন এরই মধ্যে ইরানের নেতৃত্বের দুটি পর্যায়কে সরিয়ে দিয়েছে এবং এখন তৃতীয় পর্যায়ের নেতৃত্বের সঙ্গে কাজ করছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই ইরানের সরকার নিয়ে খুব একটা ভাবিনি। কেউ কেউ একে সরকার পরিবর্তন বলে। আমি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি। এখন আমরা তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। সুতরাং, এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তন বলতে পারেন।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে দেশটির সামরিক স্থাপনা, নেতাদের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন।

বর্তমান নেতৃত্বকে যুক্তিসংগত বললেও আলোচনা কঠিন: ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে ট্রাম্পের বক্তব্যে মিশ্র মনোভাব দেখা গেছে। তিনি নতুন নেতৃত্বকে আগের তুলনায় ‘যুক্তিসংগত’ মনে করলেও তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘তাদের মনোভাব অনেকটাই আলাদা। সম্ভবত এই লোকেরা বেশি যুক্তিসংগত। তবে তাদের সঙ্গে আলোচনা করা খুব কঠিন। আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেই চুক্তি ভেঙে ফেলে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সংঘাতের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি স্থায়ী চুক্তি প্রয়োজন।

তিনি বলেন, ‘আমি এমন একটি চুক্তি করব, যা স্থায়ী হবে। আমি কাউকে তাদের পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দিতে দেব না।’

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তিত হলেও যেন এই চুক্তি কার্যকর থাকে, সেই নিশ্চয়তা চান ট্রাম্প। তাঁর ভাষায়, চার বছর, ১৫ বছর কিংবা ২০ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তাঁর সিদ্ধান্তের কারণে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায়, এমন ব্যবস্থা করতে চান তিনি।

এর কয়েক দিন আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। প্রয়োজনে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের: ট্রাম্পের কূটনৈতিক সমঝোতার বক্তব্যের মধ্যেই ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান দ্রুত তার অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করছে- এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন উদ্বিগ্ন। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন এবং সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে ভূগর্ভে সরিয়ে নেওয়ার তৎপরতা নিয়ে ইসরায়েলের উদ্বেগ রয়েছে।

সূত্রগুলোর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন হামলার নির্দেশ দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাসায়নিক ও জৈব অস্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের: এদিকে ইরান রাসায়নিক বা জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, এসব বক্তব্য ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করাতে ব্যবহৃত একই ‘প্রতারণামূলক চিত্রনাট্য’ অনুসরণ করছে।

ওই সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছিল। পরে দেশটিতে এ ধরনের অস্ত্রের মজুত থাকার দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: ইন্ডিয়া টুডে, সিবিএস নিউজ, আন্তর্জাতিক সংবাদমাধ্যম
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী

তাজমহলসহ ভারতের চারটি দর্শনীয় স্থানে যাওয়ার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক...

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১
২২ নভেম্বর ২০২৬

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে নতু...

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই