জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) কয়েক ডজন দেশের আপত্তিতে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত দুই সপ্তাহের বেশি সময়ের আলোচনা নির্ধারিত সময়ের প্রায় ৪৪ ঘণ্টা পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি। রোববার (২২ নভেম্বর) সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম খসড়া সিদ্ধান্তে ঐকমত্য না হওয়ার কথা স্বীকার করেন।
সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়া প্রস্তাবিত চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ ছিল না। এ কারণে ইইউ, মার্শাল দ্বীপপুঞ্জ, পানামাসহ কয়েক ডজন দেশ খসড়াটি প্রত্যাখ্যান করে। তাদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় প্রস্তাবিত সিদ্ধান্ত যথেষ্ট শক্তিশালী নয়।
সমাপনী অধিবেশনে মুরাত কুরুম বলেন, কক্ষে উপস্থিত বেশ কয়েকটি দেশ খসড়াটির বিরোধিতা করছে। এ বিষয়ে কোনো ঐকমত্য না থাকায় প্রস্তাবিত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
ইইউর ঘূর্ণায়মান সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই- এমন কোনো চুক্তি ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করতে পারে না। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিও চুক্তিতে থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
পানামাও খসড়া প্রত্যাখ্যান করে জানায়, এতে জলবায়ু সংকটের ভয়াবহতা মোকাবিলার যথেষ্ট প্রতিফলন নেই। মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনারও প্রস্তাবটির বিরোধিতা করেন।
সম্মেলনের আলোচনা দীর্ঘায়িত হওয়ার পেছনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও ভূমিকা রেখেছে। ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা আলোচনার পরিবেশকে জটিল করে তোলে। সৌদি আরবসহ কয়েকটি দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখের বিরোধিতা করে।
আরব গোষ্ঠীর পক্ষে সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সম্ভাব্য সমাধান গ্রহণের সুযোগ দেশগুলোর থাকা উচিত। একই সঙ্গে নিজ নিজ জাতীয় পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ বেছে নেওয়ার স্বাধীনতাও থাকতে হবে।
চূড়ান্ত খসড়ায় ২০২৩ সালের বৈশ্বিক সমঝোতার পরোক্ষ উল্লেখ ছিল। ওই সমঝোতায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল। তবে নতুন খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণের প্রস্তাব ছিল। পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ, এ প্রযুক্তি ব্যয়বহুল এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে কার্যকর নয়।
এবারের সম্মেলনকে ঘিরে প্রত্যাশা আগে থেকেই কম ছিল। তবে চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানি নিয়ে সুস্পষ্ট অবস্থান না থাকায় মতবিরোধ আরো প্রকট হয়ে ওঠে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণকারী দেশগুলোর সর্বসম্মতির প্রয়োজন হয়। ফলে কয়েকটি দেশের আপত্তিতেই প্রস্তাবটি আটকে যায়।
গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা জানিয়েছিল, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে দেশগুলো তাপমাত্রা বৃদ্ধি এই সীমার মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল। এ সীমা অতিক্রম করলে চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি আরো বাড়বে বলে বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন।
সম্মেলন নির্ধারিত সময় শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়ায় রোববার পর্যন্ত। আনুষ্ঠানিক সমাপ্তির সময় পেরিয়ে প্রায় ৪৪ ঘণ্টা অতিরিক্ত আলোচনার পরও সমঝোতা না হওয়ায় এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়ে। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের পর এবারই প্রথম জাতিসংঘের জলবায়ু আলোচনায় কোনো সামগ্রিক চুক্তি গ্রহণ করা সম্ভব হলো না।
তবে সম্মেলনের সব কার্যক্রম পুরোপুরি ব্যর্থ হয়নি। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নিঃসরণ কমানো ও ন্যায্য জ্বালানি রূপান্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধের কারণে মূল রাজনৈতিক সিদ্ধান্ত অনুমোদিত হয়নি। কিছু পৃথক বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে সমঝোতা হয়েছে।
এখন অসমাপ্ত আলোচনাগুলো পরবর্তী বৈঠকে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। জার্মানির বন শহরে মধ্যবর্তী বৈঠক আয়োজন অথবা আগামী বছর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে বিষয়গুলো নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতিসংঘের সম্মেলন পরিচালনার নিয়ম অনুযায়ী, অমীমাংসিত বিষয় পরবর্তী অধিবেশনে নেওয়ার সুযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস ও ডয়চে ভেলে।
সানা/আপ্র/২৩/১১/২০২৬