গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

সাত বছরেও সড়ক হয়নি, ৭ গ্রামের ভরসা ৭০০ ফুটের সাঁকো

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৫ এএম ২০২৬
সাত বছরেও সড়ক হয়নি, ৭ গ্রামের ভরসা ৭০০ ফুটের সাঁকো
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি গুরুত্বপূর্ণ সড়ক সাত বছরেও পুনর্র্নিমাণ হয়নি। সড়কের প্রায় ৭০০ ফুট অংশ বিলীন হয়ে যাওয়ায় সাত গ্রামের কয়েক হাজার মানুষকে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিনের এই দুর্ভোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা। বর্ষা মৌসুমে সাঁকো পিচ্ছিল হয়ে পড়ায় পারাপারে ঝুঁকি আরো বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সাত বছর ধরে সড়কটি পুনর্র্নিমাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা গ্রহণ, কৃষিপণ্য পরিবহন এবং বাজারে যাওয়াসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এতে সড়কের প্রায় ৭০০ ফুট অংশ বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘদিন এলাকাবাসীকে নৌকায় পারাপার হতে হয়েছে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে কোনোভাবে যোগাযোগব্যবস্থা চালু রাখা হয়।

বর্তমানে কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ সাত গ্রামের মানুষ এ পথ ব্যবহার করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাই স্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা এবং ফুলতলা ও তালতলা বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এটি।

নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজারে যাওয়ার প্রধান স্থলপথ এটি। শিক্ষার্থীরা প্রতিদিন এ পথ দিয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রানুফা খাতুন বলেন, আম্ফানের সময় মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁদের ৭৬ শতক ভিটাবাড়ি পানিতে বিলীন হয়ে যায়। জীবন বাঁচাতে প্রায় ১১ মাস সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে হয়েছিল। তিনি বলেন, ‘সব কষ্ট আমরা সহ্য করেছি। কিন্তু আমাদের ভবিষ্যৎ সন্তানরা। তাদের স্কুল-কলেজে পাঠানোর সুযোগই হচ্ছে না, কারণ আমরা একটি ভালো রাস্তা পাচ্ছি না। এক বছর হলো চেয়ারম্যান আমাদের একটি বাঁশের সাঁকো দিয়েছেন। সামনের বর্ষাকালে এটি টিকবে কি না জানি না। আমরা চাই, আমাদের সন্তানরা যেন নিরাপদ রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে।’

খালেক গাজী নামে আরেক বাসিন্দা বলেন, সাত বছর ধরে তাঁরা শুধু আশ্বাসই শুনছেন। আগে সাঁকোও ছিল না, নৌকায় পারাপার করতে হতো। ছেলেমেয়েদের মক্তবে পাঠাতে প্রতিদিন ১০ টাকা করে নৌকা পারাপারের খরচ দিতে হয়েছে। স্কুলে যাওয়ার জন্যও টাকা দিয়ে পার হতে হয়। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় কেউ অসুস্থ হলে হাতুড়ে চিকিৎসকের ওপর নির্ভর করতে হয়। বড় কোনো দুর্যোগ দেখা দিলে স্ত্রী-সন্তানদের নিয়ে বের হওয়ার পথও থাকবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো পিচ্ছিল হয়ে যায়। তখন শিশু ও বয়স্কদের পারাপার করানো কঠিন হয়ে পড়ে। সাঁকো দিয়ে চলাচলের সময় পড়ে গিয়ে অনেকে আহত হয়েছেন বলেও দাবি তাঁদের।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা বিলীন হয়ে গেছে। সেখানে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। তবে সাঁকো দিয়ে পারাপারে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিশুদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এ পথ দিয়ে সাত গ্রামের মানুষ চলাচল করেন।

তিনি আরো বলেন, সড়কটি ভেঙে যাওয়ার আগে এটি হিয়ারিং বাঁধের রাস্তা ছিল। এখানে কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। সরকারের কাছে তাঁর দাবি, দ্রুত রাস্তাটি নির্মাণের ব্যবস্থা করা হোক।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পাশের একটি রাস্তা ওয়াশ আউট হয়ে সেখানে গভীর খাদ সৃষ্টি হয়। এলজিইডির বাজেট স্বল্পতার কারণে তখন স্থায়ীভাবে কাজ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ওই অর্থে প্রায় ৭০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকোটি নষ্ট হয়ে গেলে স্থানীয়ভাবে চাহিদা থাকলে ভবিষ্যতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে আবারো মেরামত করা হবে। জায়গাটি অনেক গভীর হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে বিপুল পরিমাণ মাটি ভরাট করতে হবে, যা ব্যয়বহুল। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের দাবি, অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে বছরের পর বছর যোগাযোগব্যবস্থা চালু রাখা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে সাত গ্রামের মানুষের জন্য নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করা জরুরি। দীর্ঘ সাত বছরের দুর্ভোগের অবসানে দ্রুত সড়কটি পুনর্র্নিমাণের দাবি জানিয়েছেন তাঁরা।
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নিশাত-জামির
২৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নিশাত-জামির

জাহিদুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন...

নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসে...

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, বেন্দারচরে ৬০ বাড়িঘরে হামলা
২২ নভেম্বর ২০২৬

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, বেন্দারচরে ৬০ বাড়িঘরে হামলা

নড়াইলে নাশকতাসহ একাধিক মামলার আসামি তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করেছ...

আজকের দর্পণের যুগ পূর্তি উদযাপন
২২ নভেম্বর ২০২৬

আজকের দর্পণের যুগ পূর্তি উদযাপন

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: দেশের অন্যতম পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উপলক্ষে জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই