গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪২ এএম ২০২৬
লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, নিহত কয়েকজন
ছবি

ছবি সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার ভোরের দিকে এ হামলা হয়। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।

বেনগাজি বন্দরের সূত্র জানিয়েছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ।

রোববার ধারণ করা ছবিতে দেখা যায়, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। জেটির চারপাশে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ।

বেনগাজিভিত্তিক সরকার আগেই জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য সেখানে নোঙর করেছিল।

রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে একই দিন রোববার সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানায়, বেনগাজি উপকূলের কাছে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানায়, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমানবাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। হামলার পরিস্থিতি, এর উৎস এবং এর পেছনে কারা রয়েছে, তা উদ্‌ঘাটন করাই এ তদন্তের উদ্দেশ্য।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাহাজের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি সুরক্ষিত করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে তারা।

এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ডুবে যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন। গত ডিসেম্বরে ইউক্রেন জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে আকাশপথে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আব্দুলরাজাক আলজাজিরাকে বলেছেন, লিবিয়ার বন্দরে হওয়া এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকার সম্ভাবনা বেশি।

আব্দুলরাজাক বলেন, গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর আওতায় সেখানে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার কথা ছিল। বিনিময়ে ত্রিপোলির সরকার ইউক্রেনের সামরিক দক্ষতা ও সহায়তা পাওয়ার কথা ছিল।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া বিভক্ত হয়ে রয়েছে। ওই বছরের শেষ দিকে তিনি নিহত হন।

বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত একটি সরকার রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের বেনগাজিতে রয়েছে একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

আব্দুলরাজাকের মতে, লিবিয়ায় চালানো এই হামলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের একটি প্রভাব এবং এ ধরনের ঘটনার সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে এ ধরনের পদক্ষেপকে ‘রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার নিষেধাজ্ঞা’ বলে অভিহিত করে আসছেন।

পূর্বাঞ্চলভিত্তিক লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, তার সরকার এ হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

এক বিবৃতিতে হাম্মাদ বলেন, এমন সন্দেহ রয়েছে যে নৌকাগুলো পশ্চিম লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি তাদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত।

তেলসমৃদ্ধ দেশ লিবিয়া রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জীবাশ্ম জ্বালানির প্রশ্নে ঐকমত্য হয়নি, চুক্তি ছাড়াই শেষ কপ৩১
২৩ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানির প্রশ্নে ঐকমত্য হয়নি, চুক্তি ছাড়াই শেষ কপ৩১

জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) কয়েক ড...

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প
২২ নভেম্বর ২০২৬

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প

ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো নিয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প...

তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী

তাজমহলসহ ভারতের চারটি দর্শনীয় স্থানে যাওয়ার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক...

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১
২২ নভেম্বর ২০২৬

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে নতু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই