রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে লন্ডন।
গত সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে এ পদক্ষেপের ঘোষণা দেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন চারজন মেজর জেনারেল ও একজন ব্রিগেডিয়ার জেনারেল। তাঁদের বিরুদ্ধে বেসামরিক মানুষের ওপর সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার ফলে তাঁদের সম্পদ জব্দ, যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার বিধান কার্যকর হবে।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত গত ১৯ নভেম্বর ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় রায় দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়েও দেশটিকে দোষী সাব্যস্ত করেন আদালত। কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। সাত লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের ঘটনা ঘটেছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মিও হটুট হ্লাইং, মেজর জেনারেল মিও মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং মেজর জেনারেল কিয়াও সোয়ার উ। যুক্তরাজ্য সরকারের ভাষ্য অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের জবাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। এ জন্য শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপও নিতে হবে।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলার সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালেই তাঁর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মিয়ানমারের সামরিক বাহিনীর নানা নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী বলেও মন্তব্য করেন মিলিব্যান্ড।
মিয়ানমারের প্রতি নিপীড়ন বন্ধ, অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। তাঁর মতে, মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করাও জরুরি।
বিমান জ্বালানি সরবরাহ বন্ধের উদ্যোগ: মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধে দেশটিতে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের অভিযোগ, সামরিক বাহিনী নিয়মিত বেসামরিক জনগোষ্ঠীর ওপর বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় স্কুল, হাসপাতাল, বাজার ও ধর্মীয় উপাসনালয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায়ের পরপরই যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করা হয়।
সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করবে যুক্তরাজ্য। এ ছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের সহায়তায় রাখাইন রাজ্যে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার মানুষের সহায়তা পাওয়ার কথা। পাশাপাশি মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে তথ্য-প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও অপরাধের নথি তৈরির জন্য আরো ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করে। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর আদালত ৯-৬ ভোটে মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। রায়টি চূড়ান্ত ও আপিলের অযোগ্য।
সানা/আপ্র/২৪/১১/২০২৬