সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া সাক্ষীদের বর্ণনায় নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষ হত্যার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গুমের ঘটনায় বাংলাদেশে এই প্রথম কোনো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। একই ব্যক্তির বিরুদ্ধে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের অভিযোগও নজিরবিহীন। তার ভাষায়, গুমের ঘটনার ওপর কোনো আর্গুমেন্ট এটাই আমাদের ট্রাইব্যুনালে বা বাংলাদেশে প্রথম। এ ছাড়া এত হত্যাকাণ্ড, একজন ব্যক্তি দ্বারা এত হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি।
আমিনুল ইসলাম জানান, মামলায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের কেউ কেউ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরে তারা ঘটনার ভেতরের তথ্য প্রকাশ করেন। এ কারণে তাদের আসামি না করে সাক্ষী করা হয়েছে। তিনি বলেন, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষী করার বিধান আইনে রয়েছে।
এদিকে রাষ্ট্রের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়াতে না পারেন।
তিনি বলেন, অভিযুক্ত জিয়াউল আহসান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। তবে কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার তদন্ত ও বিচার দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে করছে বলেও জানান তিনি।
অন্যদিকে মামলার তদন্তে গুম ও হত্যার তথ্য কীভাবে বেরিয়ে এসেছে, তা তুলে ধরেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে হত্যাকাণ্ডের তথ্য বের করা কঠিন ছিল। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্য থেকে ভেতরের সাক্ষী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়।
এ জন্য গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং র্যাবে কর্মরত সাবেক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক দিন জিজ্ঞাসাবাদ করা হয়। তাজুল ইসলাম বলেন, ‘পঞ্চম দিনের মাথায় গিয়ে তারা হয়তো ব্রেকডাউন করেছেন। তারা বলতে শুরু করেছেন যে, আসলে আমরা এই করেছি।’
তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এভাবেই গুম ও হত্যার ঘটনার চিত্র উন্মোচন সম্ভব হয়। চটদোয়ানি অভিযান প্রসঙ্গে তিনি জানান, একজন অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তার দেওয়া তথ্যের সূত্র ধরে সেখানে কয়েকশ মানুষকে হত্যার ঘটনার তথ্য পাওয়া গেছে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘তাদের স্বজনরা জানেনই না যে কবে তার মৃত্যু হয়েছে, কবে কোথায় তার কবর হয়েছে।’ ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা ও কান্নার অবসান ঘটাতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রসিকিউশন দলকে সহযোগিতার আশ্বাস দিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে আমরা চাই এই সুষ্ঠু বিচারটা হোক।’ তার প্রত্যাশা, বাংলাদেশকে গুমের অভিশাপ থেকে মুক্ত করতে হবে এবং ভবিষ্যতে যেন এ দেশে আর কখনো গুম ফিরে না আসে।
এসি/আপ্র/২৪/১১/২০২৬