নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ছড়ালেও সেগুলো নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি—কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।
তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাঁদের আন্দোলন এ পর্যন্ত যৌক্তিক। তবে আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।
এসআরবির এই কর্মকর্তা জানান, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। স্থানীয় জনগণকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চান তিনি। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী মানুষ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, কারও কাছে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন তাঁরা। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।
এসি/আপ্র/২৪/১১/২০২৬