গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২০ এএম ২০২৬
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি
ছবি

ছবি সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি রায় ঘোষণার আগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গতকাল রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে মামলার যুক্তিতর্ক শুরু হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।

এরপর রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র এবং একটি পেনড্রাইভে সংরক্ষিত ভিডিও উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

জেরার সময় পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি। পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও নিজে দেখেননি। আসামিপক্ষের পক্ষ থেকে আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে জানানো হলে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।

তিন অভিযোগে শতাধিক হত্যার দাবি

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে।

তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা এবং সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে।

যেভাবে শুরু হয় বিচার

গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

পরবর্তী সময়ে একে একে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে ১৯ নভেম্বর তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল

জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির নাম ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে তিনি কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন।

সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় এখন মামলাটি গুরুত্বপূর্ণ পর্যায় যুক্তিতর্ক উপস্থাপনে পৌঁছেছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষ প্রথমে তাদের অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপ এবং রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে
২৩ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল...

বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
২৩ নভেম্বর ২০২৬

বুয়েট, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরী...

শিশু-কিশোরদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
২২ নভেম্বর ২০২৬

শিশু-কিশোরদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্...

কাশিমপুর কারাগারের নিরাপত্তা ও টহল জোরদারে বিভিন্ন বাহিনীকে চিঠি
১৯ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারের নিরাপত্তা ও টহল জোরদারে বিভিন্ন বাহিনীকে চিঠি

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই