মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রত্যাবর্তনের পর প্রথম নাটক ‘অংশীদার’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। পারিবারিক টানাপোড়েন এবং নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। প্রকাশের পর থেকে এ পর্যন্ত নাটকটির দর্শকসংখ্যা ১৭ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।
নাটকটির গল্প ও বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন দর্শকরা। অনেকের মতে, পারিবারিক সম্পর্ক, সম্পত্তির অধিকার এবং নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির বাস্তব চিত্র উঠে এসেছে এতে।
নাটকটি দেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে আশরাফুল নামের এক দর্শক লিখেছেন, ‘নায়কবিহীন নাটক সুপার হিট তানিয়া বৃষ্টি দ্বারাই সম্ভব, অভিনয় সেরা অভিনেত্রী তানিয়া বৃষ্টি।’
সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে, এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’
বাবলী জাহান নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপ দেখছি, তবে বাবা মারা যাওয়ার আগে আমাদের নামে দলিল করে দিয়ে গেছেন।’
রায়হান খান নামের এক দর্শক নাটকটিকে বর্তমান সমাজের বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে হাসান নামের এক দর্শক লিখেছেন, ‘এই নাটক সমাজের বাস্তবতা তুলে ধরেছেন, শেষের দিকে শিক্ষামূলক ভাবে নাটকটি তৈরি করেছেন।’
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।’
অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফেরা: বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘গোয়েন্দাগিরি’।
দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অভিনেত্রী। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ চলচ্চিত্রে অভিনয়ের কথাও ছিল তাঁর। কিন্তু ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয় তাঁকে।
অবশেষে অক্টোবরের শুরুতে অভিনয়ে ফেরেন তানিয়া বৃষ্টি। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর ‘অংশীদার’ নাটকের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন দর্শকদের কাছে নতুন করে প্রশংসিত হচ্ছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬