সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ২৩ নভেম্বর সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, রাস পূর্ণিমা উপলক্ষে গত ২১ নভেম্বর রাত ১১টায় ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয়। এ সময় বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে লইট্টা খালি খাল এলাকা থেকে ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬