গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ভারত-পাকিস্তানের সমর্থকেরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ভারত-পাকিস্তানের সমর্থকেরা
ছবি

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা, মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়, আগ্রাসী উদযাপন, করমর্দন নিয়ে বিতর্ক, এমনকি ট্রফি গ্রহণে অস্বীকৃতির মতো ঘটনাও এখন পরিচিত দৃশ্য। দুই দেশের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমর্থকদের উন্মাদনা থাকলেও মাঠের বাইরের রাজনীতি খেলাটিকে প্রভাবিত করুক, তা চান না অনেকেই। কাতারের দোহায় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে গ্যালারিতে দেখা গেল সম্প্রীতির এমনই এক ভিন্ন ছবি। 

 

রোববার এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এ মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ার পাশাপাশি মাঠেও ছিল উত্তেজনা। পাকিস্তান টস জিতে ব্যাটিং নেওয়ার কিছুক্ষণ পর ভারতের পেসার হর্ষিত রানা ও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। উইকেট নেওয়ার পর আক্রমণাত্মক উদযাপন করেন ভারতীয় বোলাররা। ভারতের ইনিংসেও উত্তেজনা অব্যাহত ছিল। 

 

শেষ পর্যন্ত জয়ের লক্ষ্য থেকে ৪৮ রান দূরে থাকতে থামে ভারত। প্রতিবেশীদের বিপক্ষে বিরল এক জয় তুলে নেয় পাকিস্তান। তবে মাঠের বাইরের চিত্র ছিল ভিন্ন। দুই দেশের সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি পরে, জাতীয় পতাকা হাতে নিয়ে এবং প্রিয় খেলোয়াড়দের নামে স্লোগান দিয়ে একসঙ্গে খেলা উপভোগ করেন। গ্যালারিতে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকদের পাশাপাশি ছিলেন নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীরাও।

 


কাতারে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ম্যাচের শুরুতে গ্যালারি খুব একটা পূর্ণ ছিল না। তবে দ্বিতীয়ার্ধে দর্শকসংখ্যা প্রায় ১০ হাজার ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়। গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখছিলেন ভারতীয় নাগরিক আব্রার হুসেইন ও পাকিস্তানি নাগরিক মোহাম্মদ সাঈদ খান। ছয় বছরের বেশি সময়ের বন্ধুত্ব তাদের। দোহায় সপ্তাহান্তের একটি ক্রিকেট লিগে একই দলের হয়ে খেলেন তারা। 

 

একসঙ্গে থাকেন, খাবার ভাগাভাগি করেন এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা ভাগ করে নেন। আল জাজিরাকে খান বলেন, ‘আমরা ছয় বছরের বেশি সময় ধরে বন্ধু।’ ভারতের মুম্বাইয়ের বাসিন্দা খান সেদিন ভারতীয় দলের নীল জার্সি পরে বসেছিলেন পাকিস্তানের জার্সি পরা বন্ধু হুসেইনের পাশে। খান বলেন, ‘আমরা একসঙ্গে থাকি, খাওয়া-দাওয়া করি। ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা যেকোনো প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে।’ 

ক্রিকেটের রাজনীতিকরণ নিয়ে হতাশা প্রকাশ করেন দুজনই। পাকিস্তানের করাচির বাসিন্দা হুসেইন বলেন, ‘রাজনীতি খেলাধুলার বাইরে থাকা উচিত। ক্রিকেট আমাদের হৃদয়ের খুব কাছের খেলা। 

 

আমরা চাই না কোনো কিছু আমাদের খেলাটাকে নষ্ট করুক।’ গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর দুই দেশের ক্রিকেটেও রাজনীতির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। জাতীয় পুরুষ ও নারী দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট—দুই দেশের ম্যাচগুলোতে উত্তেজনার ছাপ দেখা যায়। সংঘাতের চার মাস পর ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। 

 

মাঠের লড়াইয়ে দুই দেশের রাজনৈতিক বিরোধের প্রভাবও দেখা যায়। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। পাল্টা পাকিস্তানি খেলোয়াড়দের উদযাপনেও উঠে আসে সীমান্তের ওপারে বিমান হামলার প্রসঙ্গ।


টুর্নামেন্টের শিরোপা জিতলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাকিস্তানি প্রধানের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এরপর থেকে দুই দেশের প্রায় প্রতিটি ক্রিকেট ম্যাচেই মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা প্রভাব ফেলেছে। 

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনা হয়েছে। ভারতীয় সমর্থক খান মনে করেন, অনেক ক্রিকেটার হয়তো নিজেরা এমন আগ্রাসী আচরণ করতে চান না। তবে রাজনীতিকদের প্রভাবে তারা এমন আচরণে জড়িয়ে পড়েন। তরুণ ক্রিকেটাররাও বড়দের দেখে একই প্রবণতা শিখছেন। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডগুলোর উচিত এমন আচরণ করা খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং এই প্রবণতা যেন পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।’ হুসেইনও বন্ধুর সঙ্গে একমত। 

মাঠের এমন আচরণকে খেলাটির জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি ক্রিকেটকে বিষিয়ে তুলেছে। তরুণ ক্রিকেটাররাও যখন এমন আচরণ করছে, তখন তা খেলাটির ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।’

 

দোহার উপশহর এশিয়ান টাউনে অবস্থিত ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বসবাস এই এলাকায়। কাছেই রাজধানীর শিল্পাঞ্চল। কর্মব্যস্ত জীবনের মধ্যে নিজেদের দেশের ক্রিকেট দলকে কাছ থেকে দেখার সুযোগ স্থানীয় শ্রমিকদের জন্য বাড়তি আনন্দের।

 


আবাসস্থল থেকে হেঁটে মাঠে যাওয়ার সুযোগ থাকায় অনেক শ্রমিকের কাছে এই টুর্নামেন্ট ছিল বিশেষ আকর্ষণ। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে শুধু স্থানীয়রাই আসেননি, উপসাগরীয় দেশটির বিভিন্ন প্রান্ত থেকেও সমর্থকেরা এসেছিলেন। 

ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দা অভিষেক ড্যানিয়েল পরিবার ও দুই বন্ধুকে নিয়ে খেলা দেখতে আসেন। দোহায় বসবাসকারী এই রেলওয়ে প্রকৌশলী বলেন, ‘স্টেডিয়ামে বসে এটাই আমাদের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দেখা। দারুণ অভিজ্ঞতা।’


গ্যালারিতে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকদের পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। ড্যানিয়েল বলেন, ‘গ্যালারিতে আলাদা কোনো পক্ষ নেই। ভারতীয়দের জন্য আলাদা গ্যালারি নেই, পাকিস্তানিদের জন্যও নয়। 

 

আমরা সবাই একসঙ্গে বসেছি। এটা দারুণ এক সাংস্কৃতিক অভিজ্ঞতা।’ তার মতে, ক্রিকেটের রাজনীতিকরণে লাভবান হন কেবল রাজনীতিকেরা। এতে ক্রিকেটার কিংবা সমর্থকদের কোনো উপকার হয় না। 

 

অথচ বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ক্রিকেট দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুক্ষণের স্বস্তি পাওয়ার উপলক্ষ। ড্যানিয়েলের কথায়, ‘ম্যাচ শেষে ভারতীয় ও পাকিস্তানিরা একসঙ্গে বেরিয়ে একই মান্দি খেতে যাবে। এটি আরবের ঐতিহ্যবাহী মাংস ও ভাতের খাবার। 

 

হয়তো সেই খাবার রান্না ও পরিবেশনও করবেন ভারতীয় ও পাকিস্তানিরাই।’ মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দোহার গ্যালারিতে দেখা গেছে ভিন্ন এক চিত্র। জাতীয় পরিচয় ও ক্রিকেটীয় সমর্থনের পার্থক্য ছাপিয়ে বন্ধুত্ব, সহাবস্থান ও খেলাটির প্রতি ভালোবাসাই ছিল সেখানে বড় হয়ে। সমর্থকদের প্রত্যাশা, রাজনৈতিক বিরোধ যেন ক্রিকেটের মাঠ ও গ্যালারির সম্পর্ককে বিষিয়ে না তোলে।

ডিসি/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতকে হতাশায় ডুবিয়ে ম্যাচ বাঁচাল নিউ জিল্যান্ড
২৩ নভেম্বর ২০২৬

ভারতকে হতাশায় ডুবিয়ে ম্যাচ বাঁচাল নিউ জিল্যান্ড

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসমানকে প্রথম সেশনে ফিরিয়ে আশা জাগাল ভারত। কিন্তু পরের দুই সেশনে মাত্র এক...

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা
২৩ নভেম্বর ২০২৬

২ গোল হজমের পর আক্রমণের ঝড় তুলে জিতল বার্সেলোনা

দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে বার্সেলোনা গোল হজম করল দুটি। কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ...

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড
২৩ নভেম্বর ২০২৬

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাউরিসিও পচেত্তিনোর শুরুটা এর চেয়ে খারাপ বুঝি আর হতে পারত না। ম্যাচে...

প্রায় তিন দশকের দুটি রেকর্ড ভাঙলেন এনগুমোহা
২৩ নভেম্বর ২০২৬

প্রায় তিন দশকের দুটি রেকর্ড ভাঙলেন এনগুমোহা

লিভারপুলের হয়ে ইতিহাস গড়েছেন তরুণ উইঙ্গার রিও এনগুমোহা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই